রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পিএম
ছবি : সংগৃহীত
রোহিঙ্গা সংকট এখন আর শুধু মানবিক সমস্যা নয়, এটি বাংলাদেশের পাশাপাশি পুরো অঞ্চলের নিরাপত্তার জন্যও ক্রমবর্ধমান হুমকি হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) অডিটোরিয়ামে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। ইন্সটিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশন রোহিঙ্গা সংকটের চ্যালেঞ্জ ও সমাধানের কৌশল নিয়ে এ বৈঠকের আয়োজন করে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করায় দেশের ওপর বড় ধরনের সামাজিক, অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত চাপ তৈরি হয়েছে। নয় বছরের বেশি সময় ধরে চলমান এ সংকট এখন শুধু ব্যবস্থাপনার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না।
তিনি বলেন, রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের জন্য মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপদ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করে তাদের নিজ দেশে ফিরিয়ে দিতে হবে। এ লক্ষ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে কার্যকর কৌশল নির্ধারণ জরুরি।
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতা প্রয়োজন। বিশ্বের বিভিন্ন সংঘাত ও সংকটের কারণে রোহিঙ্গা ইস্যু যেন আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ব হারিয়ে না ফেলে, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, জাতিসংঘ, প্রভাবশালী রাষ্ট্র এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে রোহিঙ্গা সংকট সমাধানে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। বিশেষ করে প্রায় ১৫ লাখ রোহিঙ্গাকে নিরাপদ ও সম্মানজনকভাবে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়টি আন্তর্জাতিক পরিসরে আরও জোরালোভাবে তুলে ধরতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী মনে করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত ও কার্যকর উদ্যোগ ছাড়া রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান সম্ভব নয়। তাই মানবিক সহায়তার পাশাপাশি প্রত্যাবাসন এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয়টিকেও সমান গুরুত্ব দিয়ে নতুন কৌশল গ্রহণ করতে হবে।
