×

জাতীয়

হাজিরা যেভাবে টাকা পাবেন, জানালেন ধর্মমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পিএম

হাজিরা যেভাবে টাকা পাবেন, জানালেন ধর্মমন্ত্রী

ছবি : সংগৃহীত

গত হজ মৌসুমের অব্যবহৃত অর্থ হাজিদের ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেন, হাজিদের অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি হজ ব্যবস্থাপনায় সেবার মান আরও উন্নত করতে সরকার কাজ করছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আশকোনায় হজ অফিসে ‘সরকারি মাধ্যমের হজ গাইড পুরস্কার প্রদান অনুষ্ঠান-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

ধর্মমন্ত্রী বলেন, হজ ব্যবস্থাপনার সফলতা শুধু হাজিদের নিবন্ধন বা সৌদি সরকারের সঙ্গে চুক্তির মধ্যে সীমাবদ্ধ নয়। হাজিদের নিরাপদে সৌদি আরবে পৌঁছানো, পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা এবং নির্বিঘ্নে দেশে ফিরিয়ে আনাই এ ব্যবস্থাপনার মূল সাফল্য।

তিনি বলেন, নিবন্ধন ও সৌদি সরকারের সঙ্গে চুক্তি নিয়মিত প্রশাসনিক কার্যক্রম। এর বাইরে হাজিদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করাই সবচেয়ে বড় দায়িত্ব।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় হজ ব্যবস্থাপনার বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, রিয়াদে সৌদি হজমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করা হয়েছে।

হাজিদের বিভিন্ন সুবিধার কথা তুলে ধরে তিনি জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে হাজিদের জন্য এক লাখ বোতল পানি বিনামূল্যে সরবরাহ করা হয়েছে। বিনা খরচে লাগেজ মোড়ানোর ব্যবস্থা এবং নারী হাজিদের জন্য পৃথক টয়লেটের ব্যবস্থাও করা হয়। সরকারি ব্যবস্থাপনায় কোনো হাজির লাগেজ হারায়নি বলেও জানান তিনি।

হাজিদের সেবায় পুলিশ, ইমিগ্রেশন, বিমানবন্দর কর্তৃপক্ষ, আনজুমানে মফিদুল ইসলাম ও স্কাউটসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর কর্মীদের ভূমিকার প্রশংসা করেন ধর্মমন্ত্রী। তিনি বলেন, হাজিদের সেবায় সংশ্লিষ্টরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করেছেন।

হজযাত্রী পাঠানোর শেষ দিনে ঘটে যাওয়া একটি ঘটনার বর্ণনা দিয়ে ধর্মমন্ত্রী বলেন, হজ ক্যাম্প প্রায় ফাঁকা হয়ে যাওয়ার পর এনএসআইয়ের এক কর্মকর্তা তাঁকে জানান, ভিসা থাকা সত্ত্বেও এক নারী ও এক পুরুষ হজযাত্রী সৌদি আরবে যেতে পারছেন না। পরে তিনি তাঁদের টিকিটের অর্থ দেওয়ার আশ্বাস দেন এবং দ্রুত বিমানবন্দরে নেওয়ার নির্দেশ দেন। সংশ্লিষ্টদের সমন্বিত প্রচেষ্টায় শেষ পর্যন্ত তাঁদের সৌদি আরবে পাঠানো সম্ভব হয়।

হজ গাইডদের আরও দায়িত্বশীল ও সেবামুখী হওয়ার আহ্বান জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, হাজিদের ভালো সেবা দেওয়ার স্বীকৃতি হিসেবেই গাইডদের পুরস্কৃত করা হচ্ছে। ভবিষ্যতে ভালো কাজের জন্য পুরস্কারের সুযোগ আরও বাড়ানো হবে।

অনুষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার বলেন, হাজিদের সেবায় হজ গাইডদের শ্রম ও ভূমিকা গুরুত্বপূর্ণ। তাঁদের দেওয়া সম্মাননা সেবার তুলনায় সামান্য হলেও এটি কাজের স্বীকৃতি হিসেবে বিবেচিত হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, এনডিসি হাজিদের লাগেজ ব্যবস্থাপনায় সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। একই সঙ্গে গুরুতর অসুস্থ ও গর্ভবতী নারীদের হজে পাঠানোর ক্ষেত্রেও প্রয়োজনীয় সতর্কতা নিশ্চিত করার কথা বলেন তিনি।

তিনি জানান, গত বছরের হজের অব্যবহৃত অর্থ হাজিদের ফেরত দেওয়ার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। অর্থ ফেরতের প্রক্রিয়া শেষ হলে সংশ্লিষ্ট হাজিরা তাঁদের প্রাপ্য অর্থ ফিরে পাবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (হজ) ড. মো. আয়াতুল ইসলাম, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান, হাব সভাপতি সৈয়দ গোলাম সারোয়ার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী, ওয়াক্‌ফ প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ, হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে ২০২৬ সালে সরকারি ব্যবস্থাপনায় হাজিদের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ১৮ জন হজ গাইডকে পুরস্কৃত করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভ্রমণে বাড়ল ডলার খরচের সুযোগ, সর্বোচ্চ কত ডলার

ভ্রমণে বাড়ল ডলার খরচের সুযোগ, সর্বোচ্চ কত ডলার

দিল্লিতে ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা বহু শিক্ষার্থী

দিল্লিতে ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা বহু শিক্ষার্থী

হাজার হাজার লিটার তেল পুড়িয়ে লংমার্চ করা কতটা যৌক্তিক

প্রতিমন্ত্রীর প্রশ্ন হাজার হাজার লিটার তেল পুড়িয়ে লংমার্চ করা কতটা যৌক্তিক

যৌন উত্তেজক হালুয়া বিক্রি, তারপর যা হলো...

যৌন উত্তেজক হালুয়া বিক্রি, তারপর যা হলো...

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App