জেনারেল আজিজ ও স্ত্রীর সম্পদে নজর দুদকের
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
ছবি : সংগৃহীত
সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ ও তার স্ত্রী দিলশাদ নাহার কাকলীর দাখিল করা সম্পদ বিবরণী যাচাইয়ের পাশাপাশি তাদের সম্পদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ জন্য একজন অনুসন্ধান কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে সংস্থাটি।
দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনকে জেনারেল আজিজ আহমেদ ও তার স্ত্রীর সম্পদ বিবরণী যাচাই এবং অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তিনি জানাতে পারেননি।
দুদকের সংশ্লিষ্ট নথিতে বলা হয়েছে, জেনারেল আজিজ আহমেদের দাখিল করা সম্পদ বিবরণী যাচাই ও অনুসন্ধানের জন্য একজন অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। একই সঙ্গে পরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত-৩)কে তদারককারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং তার দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ জোসেফের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানের আওতায় আনা হয়।
জেনারেল আজিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে ২০২৪ সালের মে মাসে। ওই বছরের ২৯ মে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের দাবি জানিয়ে দুদকে আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান।
বর্তমানে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, বিধি অনুসরণ করে জেনারেল আজিজ আহমেদ ও তার স্ত্রীর দাখিল করা সম্পদ বিবরণী যাচাই ও অনুসন্ধান শেষ করে প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
দুদকের নথিতে জেনারেল আজিজ আহমেদের ঠিকানা হিসেবে মিরপুর ডিওএইচএসের বাসার ঠিকানা উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, তার স্ত্রী দিলশাদ নাহার কাকলীর সম্পদ বিবরণী যাচাই ও অনুসন্ধানের ক্ষেত্রেও অনুসন্ধানকারী ও তদারককারী কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্তের কথা নথিতে উল্লেখ করা হয়েছে। মিরপুর ডিওএইচএসের বাসিন্দা কাকলীর দাখিল করা সম্পদ বিবরণীও বিধি অনুযায়ী যাচাই ও অনুসন্ধান করে প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে কমিশন।
