×

জাতীয়

কমিশনের প্রস্তাবে কাটছাঁট পে স্কেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ এএম

কমিশনের প্রস্তাবে কাটছাঁট পে স্কেল

ছবি : সংগৃহীত

জাতীয় বেতন কমিশনের প্রস্তাবের কিছুটা কাটছাঁট করে ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’ অনুমোদন করেছে সরকার। সচিব কমিটির সুপারিশের ভিত্তিতে নতুন বেতন কাঠামোয় ২০টি গ্রেড রাখা হয়েছে। তবে কমিশনের প্রস্তাবের তুলনায় ১ম, ৮ম ও ৯ম গ্রেডের প্রারম্ভিক মূল বেতনে পরিবর্তন আনা হয়েছে।

গত সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’ অনুমোদন দেওয়া হয়। নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে। তবে বর্ধিত বেতনের আর্থিক সুবিধা একসঙ্গে দেওয়া হবে না। তিন ধাপে মূল বেতন সমন্বয় করা হবে।

প্রথম ধাপে মূল বেতনের একটি অংশ কার্যকর হবে। পরবর্তী দুই ধাপে অবশিষ্ট অংশ সমন্বয় করা হবে। বাড়িভাড়াসহ অন্যান্য আনুষঙ্গিক ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে।

জাতীয় বেতন কমিশন, ২০২৫-এর প্রস্তাব পর্যালোচনার সময় মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং দেশের সামগ্রিক আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনায় নেয় সচিব কমিটি। একই সঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের প্রারম্ভিক মূল বেতনের ব্যবধানও পর্যালোচনা করা হয়।

বিদ্যমান বেতন কাঠামোয় সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের প্রারম্ভিক মূল বেতনের অনুপাত ছিল ১:৯ দশমিক ৪৫। নতুন কাঠামোয় এ ব্যবধান কমিয়ে ১:৭ দশমিক ৮ করা হয়েছে।

সচিব কমিটির সুপারিশে কমিশনের প্রস্তাবিত ২০টি গ্রেডই বহাল রাখা হয়েছে। প্রতিটি গ্রেডে প্রস্তাবিত ধাপের সংখ্যাও অপরিবর্তিত রয়েছে। ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা রাখার প্রস্তাবও বহাল রাখা হয়েছে।

তবে ১ম গ্রেডের প্রারম্ভিক মূল বেতনে পরিবর্তন আনা হয়েছে। জাতীয় বেতন কমিশন এ গ্রেডে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব করেছিল। পরে সচিব কমিটি তা কমিয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করার সুপারিশ করে। শেষ পর্যন্ত নতুন বেতন কাঠামোয় ১ম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ৮ম ও ৯ম গ্রেডে কমিশনের প্রস্তাবের তুলনায় বেতন বৃদ্ধির হার কমানো হয়েছে। এ দুই গ্রেডে কমিশন প্রারম্ভিক মূল বেতন ১০৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছিল। সচিব কমিটি তা কমিয়ে ১০০ শতাংশ করার সুপারিশ করে। অন্য গ্রেডগুলোতে কমিশনের প্রস্তাব অনুযায়ী প্রারম্ভিক মূল বেতন বৃদ্ধির হার বহাল রাখা হয়েছে।

নতুন স্কেলে সর্বনিম্ন ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা হয়েছে। আর সর্বোচ্চ ১ম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হয়েছে।

নতুন বেতন কাঠামোয় ১ম গ্রেডে প্রারম্ভিক মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ২য় গ্রেডে ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা এবং ৩য় গ্রেডে ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা করা হয়েছে।

৪র্থ গ্রেডে ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা এবং ৫ম গ্রেডে ৮৬ হাজার থেকে ১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ৬ষ্ঠ গ্রেডে ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা এবং ৭ম গ্রেডে ৫৮ হাজার থেকে ১ লাখ ২৬ হাজার ৮০০ টাকা করা হয়েছে।

৮ম গ্রেডে প্রারম্ভিক মূল বেতন ৪৬ হাজার থেকে ১ লাখ ১০ হাজার ৪০০ টাকা এবং ৯ম গ্রেডে ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১০ম গ্রেডে ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা এবং ১১তম গ্রেডে ২৫ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকা করা হয়েছে।

১২তম গ্রেডে ২৪ হাজার ৩০০ থেকে ৫৮ হাজার ৭০০ টাকা এবং ১৩তম গ্রেডে ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ১৪তম গ্রেডে ২০ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৮০০ টাকা এবং ১৫তম গ্রেডে ২২ হাজার ৮০০ থেকে ৫৫ হাজার ২০০ টাকা করা হয়েছে।

১৬তম গ্রেডে ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা এবং ১৭তম গ্রেডে ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮তম গ্রেডে ২১ হাজার থেকে ৫০ হাজার ৯০০ টাকা এবং ১৯তম গ্রেডে ২০ হাজার ৫০০ থেকে ৪৯ হাজার ৬০০ টাকা করা হয়েছে। সর্বনিম্ন ২০তম গ্রেডে ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন স্কেলে ১ম থেকে ১১তম গ্রেডে প্রারম্ভিক মূল বেতন বৃদ্ধির হার ১০০ শতাংশ রাখা হয়েছে। ১২তম গ্রেডে এ হার ১১৫ শতাংশ, ১৩তম গ্রেডে ১১৮ শতাংশ এবং ১৪তম গ্রেডে ১৩০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৫তম ও ১৬তম গ্রেডে প্রারম্ভিক মূল বেতন ১৩৫ শতাংশ, ১৭তম গ্রেডে ১৩৮ শতাংশ এবং ১৮তম গ্রেডে ১৩৯ শতাংশ বাড়ানো হয়েছে। ১৯তম গ্রেডে এ হার ১৪১ শতাংশ এবং ২০তম গ্রেডে সর্বোচ্চ ১৪২ শতাংশ রাখা হয়েছে।

নতুন কাঠামোয় জাতীয় বেতন কমিশন, ২০২৫-এর প্রস্তাব অনুযায়ী বার্ষিক বেতন বৃদ্ধির হারও বহাল রাখা হয়েছে। ২য় গ্রেডে বার্ষিক বেতন বৃদ্ধির হার ২ দশমিক ৭৫ শতাংশ, ৩য় ও ৪র্থ গ্রেডে ৩ দশমিক ৫০ শতাংশ এবং ৫ম গ্রেডে ৪ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, ৬ষ্ঠ থেকে ২০তম গ্রেড পর্যন্ত বার্ষিক বেতন বৃদ্ধির হার ৫ শতাংশ রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App