নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ এএম
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের একটি গুরুত্বপূর্ণ স্থায়ী সংসদীয় কমিটির সভাপতি হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ. এম. মাহবুব উদ্দিন। তাকে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে।
বাংলাদেশের সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে ত্রয়োদশ জাতীয় সংসদের চারটি গুরুত্বপূর্ণ স্থায়ী ও সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো হলো কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পিটিশন কমিটি।
সোমবার (৭ সেপ্টেম্বর) সংবিধান ও কার্যপ্রণালি-বিধি অনুযায়ী সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটিগুলোর প্রস্তাব উত্থাপন করেন। পরে স্পিকার পিটিশন কমিটি গঠন করেন।
সংসদের কার্যপ্রণালি-বিধির ২৪৫ বিধি অনুযায়ী, ২৪৪ বিধিতে বর্ণিত দায়িত্ব পালনের জন্য আট সদস্যের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সভাপতি করা হয়েছে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ. এম. মাহবুব উদ্দিনকে।
কমিটির অন্য সদস্যরা হলেন: গোলাম মোহাম্মদ সিরাজ (বগুড়া-৫), মো. জাহিদুর রহমান (ঠাকুরগাঁও-৩), শাহ মো. ওয়ারেশ আলী মামুন (জামালপুর-৫), মো. মোস্তাফিজুর রহমান (নওগাঁ-১), মো. মাহবুবুল আলম (কুড়িগ্রাম-৩), নূরুন্নিসা সিদ্দীকা (মহিলা আসন-৩৭) এবং জি এম নজরুল ইসলাম (সাতক্ষীরা-৪)।
ত্রয়োদশ জাতীয় সংসদের ১২ সদস্যের কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে।
এ ছাড়া ১০ সদস্যের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা।
নাগরিকদের পিটিশন পর্যালোচনা ও সংশ্লিষ্ট দায়িত্ব পালনের জন্য গঠিত ১০ সদস্যের পিটিশন কমিটির সভাপতিও হয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
