×

জাতীয়

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পিএম

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

ছবি : সংগৃহীত

দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তঃদেশীয় তিনটি যাত্রীবাহী ট্রেনের চলাচল আবারও শুরু হতে পারে। অক্টোবর থেকে মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও মিতালী এক্সপ্রেস চালুর সম্ভাবনা তৈরি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) থেকে ঢাকায় বাংলাদেশ ও ভারতের রেলওয়ের কর্মকর্তাদের মধ্যে দুই দিনব্যাপী বৈঠক শুরু হচ্ছে। আন্তঃসরকার রেলওয়ে বৈঠকে তিনটি যাত্রীবাহী ট্রেন পুনরায় চালুর বিষয়টি গুরুত্বপূর্ণ আলোচ্য হিসেবে থাকছে।

বাংলাদেশ রেলওয়ের এক কর্মকর্তা ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়টি বৈঠকে আলোচনা হবে। দুই দেশের মধ্যে সমঝোতা হলে অক্টোবর থেকেই ট্রেনগুলো চালু করা সম্ভব হতে পারে বলে জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

বৈঠকে বাংলাদেশ-ভারতের রেল যোগাযোগ সম্প্রসারণের বিষয়েও আলোচনা হতে পারে। এর মধ্যে রাজশাহী থেকে কলকাতা পর্যন্ত নতুন একটি রেলপথ চালুর প্রস্তাব দেওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেসকে যমুনা সেতুর পরিবর্তে পদ্মা সেতু হয়ে চালানোর বিষয়েও আলোচনা হতে পারে।

তবে ট্রেন চলাচল পুনরায় শুরুর আগে দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হবে। ফলে বৈঠকে সমঝোতা হলেও চূড়ান্ত সিদ্ধান্তের পরই ট্রেনগুলো চালুর প্রক্রিয়া এগোবে।

২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার পর মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসের চলাচল বন্ধ হয়ে যায়। আর মিতালী এক্সপ্রেস ২০২৪ সালের ১৭ জুলাই সর্বশেষ ঢাকায় এসেছিল। এরপর থেকে ট্রেনটির চলাচল বন্ধ রয়েছে।

মৈত্রী এক্সপ্রেস ঢাকা-কলকাতা, বন্ধন এক্সপ্রেস খুলনা-কলকাতা এবং মিতালী এক্সপ্রেস ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটে চলাচল করত। দুই দেশের মধ্যে যাত্রীবাহী রেল যোগাযোগ স্বাভাবিক হলে এসব ট্রেন আবারও চালু হওয়ার সুযোগ তৈরি হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ফের বাড়ল সিগারেটের দাম, কোন প্যাকেটে কত

ফের বাড়ল সিগারেটের দাম, কোন প্যাকেটে কত

বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App