×

জাতীয়

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ এএম

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

ছবি : সংগৃহীত

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগের বিষয়টি এবার জাতীয় সংসদেও উঠেছে। এ ঘটনায় দুই সংসদ সদস্য সরকারের পদক্ষেপ জানতে চাইলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারীদের শনাক্ত করে দেশে ফিরিয়ে এনে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে।

জুলাই আন্দোলনে সক্রিয় অভিনেত্রী বাঁধন গত সোমবার ইতালির ভেনিস শহরে হামলার শিকার হন বলে অভিযোগ করেছেন। একটি পার্কে তার ও পরিবারের সদস্যদের ওপর হামলা করা হয়।

ঘটনার পরপরই নিজের ফেসবুক পেজে লাইভে এসে বিস্তারিত তুলে ধরেন বাঁধন। তিনি অভিযোগ করেন, হামলাকারীরা আওয়ামী লীগের সমর্থক। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর বর্তমানে দেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।

ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে মঙ্গলবার সংসদ অধিবেশনের শুরুতেই বিষয়টি উত্থাপন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী।

অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার কায়সার কামালের অনুমতি নিয়ে বিএনপির এই সংসদ সদস্য বলেন, তিনি সংসদের দৃষ্টি আকর্ষণ করতে একটি ‘বিশেষ গুরুত্বপূর্ণ’ বিষয় তুলে ধরতে চান।

অনুমতি পেয়ে জহরত ইতালিতে বাঁধনের ওপর হামলার ঘটনা সংসদে তুলে ধরেন। তিনি বলেন, বাঁধনের ওপর হামলার একমাত্র কারণ তিনি একজন জুলাইযোদ্ধা। তার দাবি, ‘ফ্যাসিস্ট সরকারের চিহ্নিত লোকজন’ এ হামলা চালিয়েছে।

হামলায় জড়িতদের শনাক্ত করা হয়েছে দাবি করে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কী পদক্ষেপ নিচ্ছে, তা জানতে চান তিনি।

জবাবে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, এটি একটি নিন্দনীয় অপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ। তবে ওই সময় অধিবেশন কক্ষে পররাষ্ট্রমন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর কেউ উপস্থিত ছিলেন না। তারা এলে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে বলে জানান তিনি।

পরে নির্ধারিত কার্যসূচি অনুযায়ী প্রশ্নোত্তর পর্ব শেষ হলে অনির্ধারিত আলোচনায় দাঁড়িয়ে একই প্রসঙ্গ উত্থাপন করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

তিনি বলেন, ‘পলাতক আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা তার (বাঁধন) ওপর হামলা করেছে। তিনি যে জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন, সেজন্যই তার ওপর হামলা হয়েছে।’

এ ধরনের ঘটনা আগেও ঘটেছে উল্লেখ করে আখতার হোসেন গত বছর যুক্তরাষ্ট্রে নিজের ওপর হামলার ঘটনাটিও সংসদে তুলে ধরেন।

সরকারের কাছে তিনি জানতে চান, এ ধরনের হামলা চালিয়ে সংশ্লিষ্টরা কীভাবে পার পেয়ে যাচ্ছে এবং তাদের আইনের আওতায় আনতে সরকারের কোনো পরিকল্পনা রয়েছে কি না।

এ সময় অধিবেশনে উপস্থিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের কাছে এ বিষয়ে জবাব চান ডেপুটি স্পিকার কায়সার কামাল।

প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবারই প্রথমবারের মতো সংসদ অধিবেশনে যোগ দেন হুমায়ুন কবির। জবাব দিতে গিয়ে শুরুতেই তিনি আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে জুলাই শহীদ ও জুলাইযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করেন।

তিনি বলেন, একজন জুলাইযোদ্ধার ওপর হামলা করা মানে দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলা।

বাঁধনের ওপর হামলার প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়া টেররিস্টরা তার ওপর হামলা চালায়। আমি বিষয়টি নিয়ে সকালে পররাষ্ট্রসচিবের সঙ্গে কথা বলেছি। আমরা ইতালীয় পুলিশ অফিসকে অবগত করি। বাঁধনকে সর্বোচ্চ কনস্যুলার সেবা দেওয়া হচ্ছে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বাঁধনের সঙ্গে টেলিফোনে কথা বলা হয়েছে জানিয়ে তিনি বলেন, তার প্রতি পরিপূর্ণ সমর্থন জানানো হয়েছে।

বাঁধন ইতোমধ্যে ইতালীয় পুলিশের কাছে অভিযোগ করেছেন বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং মিলানে বাংলাদেশের কনস্যুলেট বাঁধনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

হামলাকারীদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে হুমায়ুন কবির বলেন, ‘আমরা এদেরকে (হামলাকারী) এদেশে ফিরিয়ে আনার সর্বোচ্চ ব্যবস্থা নেব।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App