×

জাতীয়

নতুন দায়িত্ব পেলেন সরকারদলীয় হুইপ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পিএম

নতুন দায়িত্ব পেলেন সরকারদলীয় হুইপ

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন দায়িত্ব পেয়েছেন বিএনপির নেতা ও সরকারদলীয় হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তাকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে নতুন করে পাঁচটি সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব কণ্ঠভোটে পাস হওয়ার পর এ দায়িত্ব পান তিনি।

এদিন চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি পাঁচটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন এবং দুটি কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো পাস হয়।

নতুন গঠিত পাঁচটি কমিটির মধ্যে রয়েছে সমাজকল্যাণ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, রেলপথ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হওয়া এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর-২ আসন থেকে ১৯৯৬, ২০০১ ও ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ছাত্রজীবন থেকেই তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনেও সক্রিয় ভূমিকা পালন করেন দুলু। ২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে তিনি উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

নতুন দায়িত্বে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কার্যক্রম, নীতি ও বিভিন্ন কর্মসূচির ওপর সংসদীয় তদারকিতে নেতৃত্ব দেবেন হুইপ দুলু।

এদিকে মঙ্গলবার গঠিত সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহানকে। একই সঙ্গে বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত ও প্রস্তাব সম্পর্কিত কমিটির সভাপতির দায়িত্বও পেয়েছেন তিনি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনকে। রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এসএম রফিকুল ইসলামকে।

এ নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে গঠিত সংসদীয় স্থায়ী কমিটির সংখ্যা দাঁড়িয়েছে ৪৫টিতে। সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত এবং ১১টি বিষয়ভিত্তিক কমিটি।

এখন পর্যন্ত গঠিত কমিটিগুলোর মধ্যে শুধু সরকারি হিসাব কমিটির সভাপতি করা হয়েছে বিরোধী দল থেকে।

সাধারণত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নিজ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে থাকেন। তবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে। এর বাইরে সরকারদলীয় চারজন হুইপকে চারটি সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার

অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যাননি স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যাননি স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শিশু নুহা হত্যা: শনাক্ত হয়নি ঘাতক, বিচারের দাবিতে উত্তাল নোয়াখালী

শিশু নুহা হত্যা: শনাক্ত হয়নি ঘাতক, বিচারের দাবিতে উত্তাল নোয়াখালী

বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলা, নিহত ২

বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলা, নিহত ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App