দুপুরে স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর শেরেবাংলা নগরে সংসদ সদস্যদের আবাসিক ভবন ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও ঘটনাস্থলসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মরিয়মকে একটি কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখা যায়। ঘটনার পর পুলিশ, পিবিআই ও সিআইডির ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেন।
ঘটনাস্থলে থাকা কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, রোববার দুপুরে এমপি গাজী নজরুল ইসলাম তার দুই স্ত্রীকে নিয়ে খাবার খান। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে তারা আলাদা কক্ষে চলে যান। বিকেল ৫টার পর মরিয়মকে ডাকতে গিয়ে তার কক্ষের দরজা বন্ধ দেখতে পান গাজী নজরুল।
পরে জানালা দিয়ে কক্ষের ভেতরে তাকিয়ে মরিয়মকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে শেরেবাংলা নগর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পিবিআই ও সিআইডির ফরেনসিক দলের সদস্যরা সেখানে উপস্থিত হয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। এরপর বন্ধ দরজা খুলে মরদেহ নিচে নামানো হয়।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, খবর পেয়ে তিনি ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। ভবনের একটি কক্ষের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে পিবিআই ও সিআইডির ফরেনসিক দল ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে মরদেহ নামায়।
তিনি বলেন, মরিয়ম কখন গলায় ফাঁস দিয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, সেটিও প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ব্যক্তিগত ভিডিওকে কেন্দ্র করে গাজী নজরুল ইসলাম মরিয়ম খাতুনকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছিলেন। বিভিন্ন প্রতিবেদনে তাদের বিয়ে নিয়ে নানা তথ্যও সামনে এসেছিল।
পুলিশ জানিয়েছে, মরিয়মের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
