ভারতে ইলিশ রফতানি বন্ধে সরকারকে আইনি নোটিশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পিএম
ছবি : সংগৃহীত
দেশের বাজারে ইলিশের অস্বাভাবিক মূল্য নিয়ন্ত্রণ এবং ভারত হয়ে অন্য দেশে ইলিশ পুনঃরফতানির অভিযোগে বাণিজ্যিক শোষণ বন্ধের দাবিতে ভারতে ইলিশ রফতানি নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এ আইনি নোটিশ পাঠান।
নোটিশটি মন্ত্রিপরিষদ সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মৎস্য অধিদফতরের মহাপরিচালক এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়, বিগত বছরগুলোতে দেশের বাজারে ইলিশের সংকট ও উচ্চমূল্য থাকা সত্ত্বেও ভারতে তুলনামূলক কম দামে ইলিশ রফতানির নীতি নেওয়া হয়েছিল। সেখানে প্রতি কেজি ইলিশ মাত্র ১০ মার্কিন ডলারে রফতানি করা হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
আইনজীবীর অভিযোগ, বাংলাদেশ থেকে কম দামে ইলিশ আমদানি করে ভারতীয় আমদানিকারকদের একটি অংশ তা যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে বেশি দামে পুনঃরফতানি করছে। নোটিশে দাবি করা হয়েছে, এসব বাজারে প্রতি কেজি ইলিশ ৪০ থেকে ৫০ মার্কিন ডলার পর্যন্ত দামে বিক্রি হচ্ছে।
আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুনের বক্তব্য অনুযায়ী, এ ধরনের মধ্যস্বত্বভোগী নির্ভর বাণিজ্যের ফলে বাংলাদেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ হারাচ্ছে। একই সঙ্গে দেশের মূল্যবান জাতীয় সম্পদও বিদেশের বাজারে কম মূল্যে চলে যাচ্ছে বলে তিনি মনে করেন।
নোটিশে জাতীয় মাছ ইলিশকে বাংলাদেশের মূল্যবান ভৌগোলিক নির্দেশক (জিআই) সম্পদ হিসেবে উল্লেখ করে স্থানীয় বাজারে এর অস্বাভাবিক মূল্য নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়, বর্তমানে দেশের পাইকারি ও খুচরা বাজারে এক কেজি ওজনের ইলিশের দাম প্রায় ২ হাজার ৬০০ থেকে ৩ হাজার টাকা। বর্তমান বিনিময় হার অনুযায়ী, এই দাম প্রায় ২১ থেকে ২৫ মার্কিন ডলারের সমান। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য ইলিশ কেনা কঠিন হয়ে পড়েছে।
নোটিশে সংবিধানের ২১(১) অনুচ্ছেদের উল্লেখ করে বলা হয়েছে, রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। পাশাপাশি সরকার এখনো ভারতে ইলিশ রফতানির বিষয়ে কোনো আনুষ্ঠানিক অনুমোদন বা চূড়ান্ত নীতিগত সিদ্ধান্ত ঘোষণা করেনি বলেও এতে উল্লেখ করা হয়।
তবে ভবিষ্যতে সাধারণ ভোক্তাদের স্বার্থ উপেক্ষা করে কোনো ক্ষতিকর সিদ্ধান্ত নেওয়া ঠেকাতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে জানানো হয়।
নোটিশে আরও বলা হয়েছে, সরকারের যদি বৈদেশিক মুদ্রা অর্জনের প্রয়োজন থাকে, তাহলে ভারতীয় মধ্যস্বত্বভোগীদের বাদ দিয়ে সরাসরি যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারে আন্তর্জাতিক মূল্যে উদ্বৃত্ত ইলিশ রফতানির জন্য স্বচ্ছ নীতিমালা করা যেতে পারে।
আগামী সাত দিনের মধ্যে ভারতে ইলিশ রফতানির যেকোনো প্রশাসনিক উদ্যোগ বা নীতিগত সিদ্ধান্ত বন্ধ করে দেশের বাজারে ইলিশের সর্বোচ্চ সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হলে নাগরিকদের খাদ্যনিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সংবিধানের ১০২ অনুচ্ছেদের আওতায় হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট আবেদন করা হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।
