×

জাতীয়

ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পিএম

ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী

ছবি : সংগৃহীত

সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে সৌদিগামী ১০০টি ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। এসব ফ্লাইটের যাত্রী ছিলেন ১৫ হাজার ৩৯৩ জন। ফ্লাইট বাতিল ও স্থগিত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন তাঁরা। বিশেষ করে যেসব প্রবাসী কর্মীর ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে, তাঁদের দুর্ভোগ বেড়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক বার্তায় এ তথ্য জানায়। সংস্থাটির তথ্যমতে, বাতিল বা স্থগিত হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৪১টি সরাসরি এবং ৫৯টি ট্রানজিট ফ্লাইট।

সরকারের নির্দেশনা অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ অন্যান্য এয়ারলাইন্স বিকল্প বিমানবন্দর ব্যবহার করে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে। এ জন্য বিনামূল্যে টিকিট পরিবর্তনের সুযোগ দেওয়া হচ্ছে। তবে বিকল্প ফ্লাইটে আসন খালি থাকা সাপেক্ষে এ সুবিধা পাওয়া যাচ্ছে। ফলে টিকিট পরিবর্তনের পরও অনেক যাত্রীর যাত্রা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।

বাতিল বা স্থগিত হওয়া সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, রিয়াদ এয়ারওয়েজের সাতটি এবং সৌদিয়া এয়ারলাইন্সের সাতটি রয়েছে।

ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ, দাম্মাম, মদিনা ও জেদ্দায় সরাসরি এবং ট্রানজিটের মাধ্যমে ফ্লাইট চলাচল করে। এর মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরেও ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। সেখানে অনেক ফ্লাইট বাতিল ও স্থগিত করা হয়েছে।

পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদ ও দাম্মাম রুটে ১৭ অক্টোবর পর্যন্ত সব ফ্লাইট স্থগিত করেছে। তবে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে সপ্তাহের শুরুতে ফ্লাইট চলাচলে কিছুটা বিঘ্ন ঘটলেও বর্তমানে উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ চলছে।

সরকারের নির্দেশনা অনুযায়ী, এয়ারলাইন্সগুলো টিকিটের প্রাপ্যতা বিবেচনায় রিয়াদ ও দাম্মামের যাত্রীদের মদিনা ও জেদ্দা বিমানবন্দরের মাধ্যমে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। এতে বিকল্প পথে যাত্রার সুযোগ তৈরি হলেও নতুন রুটগুলোতে আসনসংকট বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানান, যেসব যাত্রীর ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে, তাঁদের বিনামূল্যে টিকিট পরিবর্তনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সব যাত্রীকে দ্রুত গন্তব্যে পাঠাতে গিয়ে কখনো কখনো ফ্লাইটে আসনের তুলনায় বেশি টিকিট বুকিংয়ের পরিস্থিতিও তৈরি হচ্ছে।

ওই কর্মকর্তা আরও জানান, ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পরও কয়েকজন যাত্রীকে ফিরিয়ে আনার ঘটনা ঘটেছে। তবে তাঁদের পরবর্তী ফ্লাইটে আবার সৌদি আরবে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

এয়ারলাইন্স-সংশ্লিষ্টরা বলছেন, বিকল্প ফ্লাইটে আসন খালি থাকার ওপরই টিকিট পরিবর্তনের প্রক্রিয়া নির্ভর করছে। এসব রুটে আগে থেকেই যাত্রীদের বুকিং থাকায় বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের নতুন করে আসন দেওয়া কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে যেসব কর্মীর ভিসার মেয়াদ দ্রুত শেষ হচ্ছে, তাঁদের জন্য জরুরি ভিত্তিতে বিকল্প ফ্লাইট নিশ্চিত করা প্রয়োজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংবিধান সংশোধন কমিটিকে জামায়াত কোনো পরামর্শ দেবে না

গোলাম পরওয়ার সংবিধান সংশোধন কমিটিকে জামায়াত কোনো পরামর্শ দেবে না

স্কুলে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা

স্কুলে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে

স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App