×

জাতীয়

নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কবে, জানাল মন্ত্রণালয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২০ পিএম

নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কবে, জানাল মন্ত্রণালয়

ছবি : সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের পাশাপাশি নতুন জাতীয় বেতনকাঠামোর সুবিধা পাওয়ার কথা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও। তবে নতুন পে স্কেলে তাঁদের বেতন কবে থেকে কার্যকর হবে, তা এখনো নিশ্চিত হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশ এবং পরবর্তী প্রশাসনিক কার্যক্রমের ওপর নির্ভর করছে তাঁদের নতুন বেতন-ভাতা পাওয়ার সময়।

সরকারি চাকরিজীবীদের জন্য গত ১ জুলাই থেকে নতুন বেতনকাঠামো কার্যকরের বিষয়ে অর্থ মন্ত্রণালয় পরিপত্র জারি করেছে। এর ফলে সরকারি কর্মচারীরা অক্টোবরের বেতনের সঙ্গে তিন মাসের বকেয়া পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে নতুন বেতনকাঠামো বাস্তবায়নে আরও সময় লাগতে পারে।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতনকাঠামো অনুযায়ী বেতন দেওয়ার জন্য অর্থ বিভাগের আদেশ প্রয়োজন।

অর্থ বিভাগের এক অতিরিক্ত সচিব গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে কবে আদেশ জারি হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি নির্ধারিত প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন করতে হবে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতনকাঠামো কার্যকর করতে নভেম্বর-ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে। তবে অর্থ বিভাগের আদেশ জারি এবং পরবর্তী প্রশাসনিক কার্যক্রম কত দ্রুত সম্পন্ন হয়, তার ওপরই বিষয়টি নির্ভর করবে।

ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত

বর্তমানে সারা দেশে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত রয়েছেন। তাঁদের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় চার লাখ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে পৌনে দুই লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী রয়েছেন।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার জন্য সরকার প্রতি মাসে আর্থিক অনুদান দেয়। এ ব্যবস্থাকে এমপিও বা মাসিক বেতন আদেশ বলা হয়। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের শতভাগ পান। পাশাপাশি চিকিৎসা ভাতাসহ নির্ধারিত কিছু ভাতাও দেওয়া হয়।

গত বছর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে তাঁরা মাসে এক হাজার টাকা করে বাড়িভাড়া পেতেন।

অন্যদিকে, যেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব আয় বেশি, সেসব প্রতিষ্ঠান সরকারি এমপিওর বাইরে থেকেও শিক্ষক-কর্মচারীদের অতিরিক্ত অর্থ দিয়ে থাকে। তবে অধিকাংশ প্রতিষ্ঠানের সেই আর্থিক সক্ষমতা না থাকায় শিক্ষক-কর্মচারীদের বড় অংশ সরকারি অনুদানের ওপর নির্ভরশীল।

নতুন পে স্কেলে বাড়বে মূল বেতন ও ভাতা

নতুন বেতনকাঠামো কার্যকর হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতন ও বাড়িভাড়া বাড়ার কথা। স্কুল, কলেজ, মাদ্রাসা ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে পদ ও স্তর অনুযায়ী শিক্ষকদের বেতন গ্রেডে পার্থক্য রয়েছে। নতুন কাঠামোতে তাঁরা নিজ নিজ পদের নির্ধারিত গ্রেড অনুযায়ী বেতন পাবেন।

সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, বেসরকারি কলেজের প্রভাষকেরা সরকারি কলেজের প্রভাষকদের মতো নবম গ্রেডে মূল বেতন পাবেন।

প্রস্তাবিত নতুন বেতনকাঠামোয় গ্রেডভেদে মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে। এতে আগের মতো ২০টি গ্রেড রাখা হয়েছে। সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণের কথা রয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতনকাঠামো বাস্তবায়নের কথা রয়েছে। ২০২৭ সালের মধ্যে তিন ধাপে মূল বেতন কার্যকরের পরিকল্পনা করা হয়েছে। আর ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে ভাতা একযোগে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো কার্যকরের নির্দিষ্ট সময়সীমা এখনো ঘোষণা করা হয়নি। ফলে নতুন বেতন ও ভাতা পেতে তাঁদের আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল গণমাধ্যমকে বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা যাতে দ্রুত নতুন বেতনকাঠামো অনুযায়ী বেতন-ভাতা পেতে পারেন, সে বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত নেতার গাড়ি ভাঙচুর: এবি পার্টির নেতা সামদানীকে অব্যাহতি

জামায়াত নেতার গাড়ি ভাঙচুর: এবি পার্টির নেতা সামদানীকে অব্যাহতি

মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী নিয়োগ, আবেদন করবেন যেভাবে

মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী নিয়োগ, আবেদন করবেন যেভাবে

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু

রিয়াদ ও দাম্মাম রুটে ১৮ অক্টোবর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

রিয়াদ ও দাম্মাম রুটে ১৮ অক্টোবর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App