সংসদ প্রাঙ্গণ পরিদর্শন প্রধানমন্ত্রীর, দিলেন যেসব নির্দেশনা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পিএম
ছবি : সংগৃহীত
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সংসদ ভবন এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখা, সবুজায়ন নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন।
পরিদর্শনের সময় তিনি সংসদ ভবন প্রাঙ্গণের মাঠ, বাগান ও বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় সংসদ ভবনসংলগ্ন এলাকার সার্বিক পরিবেশ, অবকাঠামোর অবস্থা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
জাতীয় সংসদ প্লাজার সৌন্দর্য ও পরিবেশ অক্ষুণ্ণ রাখতে নিয়মিত পরিচর্যা এবং যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে মাঠ ও বাগান পরিষ্কার রাখা, সবুজায়ন কার্যক্রম জোরদার করা এবং বিদ্যমান গাছপালার সঠিক পরিচর্যা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এ ছাড়া সংসদ প্লাজা ও আশপাশের এলাকায় যেসব স্থানে সংস্কার প্রয়োজন, সেগুলো চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করার নির্দেশনা দেন তিনি।
জাতীয় সংসদ ভবনের স্থাপত্যশৈলী ও নান্দনিক পরিবেশ বজায় রাখার পাশাপাশি সংসদ প্লাজা এবং এর আশপাশের এলাকার নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
