মোটরসাইকেলের সামনেও লাগাতে হবে নম্বরপ্লেট, সময় বেঁধে দিল বিআরটিএ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১১:১১ এএম
ছবি : সংগৃহীত
মোটরসাইকেলের সামনের দিকেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ জন্য আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিআরটিএর এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়। এতে বলা হয়েছে, মোটরসাইকেলের পেছনে থাকা ডিজিটাল নম্বরপ্লেটের পাশাপাশি মালিকদের নিজ উদ্যোগে সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট স্থাপন করতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুসারে মোটরসাইকেলের পেছনে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইস (আরএফআইডি) যুক্ত রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট থাকার বিধান রয়েছে। তবে ট্রাফিক ব্যবস্থাপনা ও নজরদারি জোরদার করার লক্ষ্যে সামনের দিকেও নিবন্ধন নম্বর প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনায় সামনের নম্বরপ্লেটের উপকরণ, রং ও মাপ নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্লেটটি স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের হতে হবে। এর পটভূমি হবে সাদা এবং তার ওপর কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। প্লেটে কোনো নকশা বা অতিরিক্ত সাজসজ্জা রাখা যাবে না।
স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের জন্য নম্বরপ্লেটের মাপও আলাদা করা হয়েছে। স্কুটারের প্লেট হবে ২০০ মিলিমিটার লম্বা ও ১০০ মিলিমিটার চওড়া। স্কুটার ছাড়া অন্যান্য সাধারণ মোটরসাইকেলের প্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার।
উভয় ধরনের নম্বরপ্লেটেই অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।
বিআরটিএ মোটরসাইকেল মালিকদের নির্ধারিত মাপ ও শর্ত অনুসরণ করে আগামী ১৫ নভেম্বরের মধ্যে সামনের নম্বরপ্লেট স্থাপনের আহ্বান জানিয়েছে।
