‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধীদল এখন দায়িত্বহীন আচরণ করছে : প্রতিমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১২:৩১ পিএম
ছবি : সংগৃহীত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ৬৫টি পূজামণ্ডপে অনুদান দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে পূজামণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে নিজস্ব তহবিল থেকে অনুদানের অর্থ তুলে দেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মীর শাহে আলম বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ তাঁদের অত্যন্ত আপনজন। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে কোনো ভেদাভেদ করে না। গত নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের মানুষ তারেক রহমান ও ধানের শীষের প্রতি তাঁদের ভালোবাসার প্রমাণ দিয়েছেন। বিএনপিও প্রমাণ করেছে, তারাও হিন্দু সম্প্রদায়ের মানুষের আপনজন। দলটি সব ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাস করে।
পরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, শারদীয় দুর্গাপূজা যেন সারা দেশে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে জন্য সরকার ও বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে রয়েছে। তাঁদের সামাজিক নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, একসময় একটি রাজনৈতিক দল মনে করত, হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের রাজনৈতিক সম্পদ। কিন্তু গত নির্বাচনে ভোটের মাধ্যমে তাঁরা প্রমাণ করেছেন, কোনো দলের প্রতি তাঁদের অন্ধ আনুগত্য নেই। তাঁরা স্বাধীনভাবে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অধিকার রাখেন। বিএনপি তাঁদের আত্মার আত্মীয় হিসেবে পাশে থাকতে চায়।
মীর শাহে আলম আরও বলেন, দুর্গাপূজা উপলক্ষে এবার ছুটি এক দিন বাড়ানো হয়েছে। সরকারিভাবে প্রতিটি মন্দিরে ৬০০ কেজি করে চালের ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে হিন্দু নারীদের জন্য শাড়ির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার বাইরে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে মন্দির পরিদর্শন করবেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করবেন। তাঁর মতে, এটি সব ধর্মের মানুষের প্রতি সরকারের সমান দৃষ্টিভঙ্গির প্রতিফলন।
বিরোধী দলের সমালোচনা করে মীর শাহে আলম বলেন, ১১ দলীয় জোট ‘বেহেশতের লোভ দেখিয়ে’ মানুষের ভোট নিয়ে এখন বিরোধী দলের আসনে বসে দায়িত্বহীন আচরণ করছে। ভঙ্গুর অর্থনীতির মধ্যে বিএনপি জনগণের সরকার হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। সরকারের বয়স মাত্র ছয় মাস, এরই মধ্যে বিরোধী দলের একদফা দাবির কথা বলা হাস্যকর। দেশের স্বার্থে সরকারকে সহযোগিতা করতে তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, বিএনপি ‘আমি-ডামি’ নির্বাচনে বিশ্বাস করে না। দলটি দেশের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবে এবং এরপর জনগণের কাছে ভোট চাইবে। জনগণ ভোট দিলে বিএনপি সরকার গঠন করবে, আর ভোট না দিলে বিরোধী দলে বসবে। জনগণের ভোটের মাধ্যমেই ক্ষমতায় যেতে চায় দলটি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব ও উপসচিব বিষ্ণুপদ পাল, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিক এবং সদস্যসচিব রোকন-উদ-দৌলা রুবেল।
