×

জাতীয়

বিএসএফের হাতে আটক ২ পুলিশ সদস্যকে ফেরাতে আলোচনা চলছে: বিজিবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০২:১৮ পিএম

বিএসএফের হাতে আটক ২ পুলিশ সদস্যকে ফেরাতে আলোচনা চলছে: বিজিবি

ছবি : সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনতে আলোচনা চলছে। আটক দুই সদস্য সুস্থ ও নিরাপদ আছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শিগগিরই তাদের ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা করছে সীমান্তরক্ষী বাহিনীটি।

শুক্রবার (১৬ অক্টোবর) বিজিবি সদর দপ্তরে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে বাহিনীর পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, বিএসএফের সঙ্গে এ বিষয়ে ইতোমধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ হয়েছে। আটক দুই পুলিশ সদস্য সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ানকে দ্রুত ফেরত পাওয়ার বিষয়ে বিজিবি আশাবাদী। তারা সুস্থ আছেন এবং তাদের কোনো সমস্যা হয়নি।

বিজিবির এই কর্মকর্তা জানান, ব্রাহ্মণপাড়া থানার শশীদল সীমান্তে ঘটনাটি ঘটেছে। ওই এলাকার পাহাড়ি ও জঙ্গলঘেরা ভূপ্রকৃতির কারণে সীমান্তে দায়িত্ব পালনের সময় বিভিন্ন পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আটক দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনতে বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান বলেন, সীমান্ত সুরক্ষা ও অখণ্ডতা রক্ষা করা বিজিবির প্রধান দায়িত্ব। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় বাহিনী প্রস্তুত রয়েছে। পাশাপাশি প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে পেশাদার সম্পর্ক বজায় রাখতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি বলেন, সীমান্তের স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় বিজিবি দায়িত্ব পালন করছে। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার পাশাপাশি দেশের স্বার্থ ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বাহিনী দায়িত্ব পালন করবে।

রাখাইনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বিজিবি

মিয়ানমারের রাখাইন রাজ্যে বসবাসরত রোহিঙ্গাদের নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাম ছেড়ে চলে যাওয়ার হুমকির বিষয়ে জানতে চাইলে বিজিবির এই কর্মকর্তা বিস্তারিত মন্তব্য করতে চাননি। তবে তিনি বলেন, দেশের দক্ষিণ-পূর্ব সীমান্তে সব ধরনের হুমকি ও পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, প্রয়োজনীয় প্রস্তুতি বজায় রাখা হয়েছে। অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে যেকোনো পরিস্থিতিতে কার্যকর পদক্ষেপের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় বিজিবি কাজ করবে।

দুর্গাপূজায় ২ হাজার ৭২৭ মণ্ডপে নিরাপত্তা দেবে বিজিবি

ব্রিফিংয়ের শুরুতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিজিবির নিরাপত্তা প্রস্তুতির বিষয়টি তুলে ধরা হয়। লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান জানান, সারা দেশে ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত এ দায়িত্ব চলবে।

তিনি বলেন, সীমান্তবর্তী এলাকায় নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হবে। এ জন্য টহল, গোয়েন্দা নজরদারি ও দ্রুত সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে। দুর্গম ও দূরবর্তী এলাকার পূজামণ্ডপের নিরাপত্তায় প্রায় ২১টি বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে।

পূজার সময় গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সংবেদনশীল তথ্য প্রচারের আগে তা যাচাই করার পাশাপাশি সন্দেহজনক কিছু নজরে এলে স্থানীয় বিজিবি ক্যাম্প, প্রশাসন বা পুলিশকে জানানোর অনুরোধ করেন।

মাদক ও অস্ত্রবিরোধী অভিযানে বিপুল পরিমাণ পণ্য জব্দ

ব্রিফিংয়ে সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির চলমান অভিযান, মানব পাচারবিরোধী কার্যক্রম এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নেওয়া বিভিন্ন পদক্ষেপের তথ্যও তুলে ধরা হয়।

বিজিবির এই কর্মকর্তা জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বিভিন্ন অভিযানে ২ কোটি ৬০ লাখের বেশি ইয়াবা, ৪০ কেজি ক্রিস্টাল মেথ, ১২ কেজি হেরোইন ও কোকেন, ১৬ হাজার কেজি গাঁজা, ২৪ হাজার বোতল ফেনসিডিল এবং প্রায় ১ লাখ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।

এ ছাড়া অবৈধ অস্ত্রবিরোধী অভিযানে ৭৮টি পিস্তল, সাতটি রাইফেল, একটি সাবমেশিনগান (এসএমজি), সাতটি গ্রেনেড, ১২টি মাইন এবং ৩ হাজার ২০০ রাউন্ডের বেশি গুলি উদ্ধার করা হয়েছে।

এসব মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালানের ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রায় ১ হাজার ৯৫৭ জনকে আটক করা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিজেপির পদযাত্রা ঠেকাতে সেন্ট্রাল পার্ক বন্ধ, দিল্লিতে ২৫ হাজার পুলিশ

সিজেপির পদযাত্রা ঠেকাতে সেন্ট্রাল পার্ক বন্ধ, দিল্লিতে ২৫ হাজার পুলিশ

অ্যাওয়ার্ড নিলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

অ্যাওয়ার্ড নিলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

‘ঋণের ফাঁদে’ দেশ

‘ঋণের ফাঁদে’ দেশ

নতুন পে-স্কেলে সংকট বাড়ার আভাস

নতুন পে-স্কেলে সংকট বাড়ার আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App