সচিবালয় সরানোর প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২৪ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সন্ধ্যায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলো সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সচিবালয় স্থানান্তরের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর এবং স্থাপত্য অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নীতিগত সিদ্ধান্তের পরদিনই সচিবালয় স্থানান্তর-সংক্রান্ত একটি প্রকল্প বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত করার জন্য পরিকল্পনা কমিশনকে চিঠি দেয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
মন্ত্রিসভার অনুমোদনের ফলে আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব বাস্তবায়নের প্রক্রিয়া আরও এগিয়ে গেল।
