আ. লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে : প্রধানমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পিএম
ছবি : সংগৃহীত
বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন ও উদ্যানের আধুনিকায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
বিরোধী দলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দল বিরোধিতা করার জন্যই বিরোধিতা করছে। জুলাইয়ের চেতনাকে ধারণ না করার কারণেই তারা জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও অংশ নেয়নি বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, বিরোধী দল আবারও আগের অবস্থানে ফিরে গেছে।
এ সময় বিরোধী দলকে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সব বিষয়ে একমত হওয়া সম্ভব না হলেও দেশের মানুষের স্বার্থে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই।
তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই আন্দোলন—দুই ক্ষেত্রেই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ছিল।
জুলাই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জুলাই স্মৃতিস্তম্ভে ৮১৩ জন শহীদের নাম লিপিবদ্ধ রয়েছে। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে দেশে গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা পেয়েছে।
তিনি আরও বলেন, জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে জাতীয়তাবাদী দলকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। আগামী পাঁচ বছর এ সরকার দেশ পরিচালনা করবে।
বিরোধী দলের প্রতি ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এডিস মশা সরকারি দল কিংবা বিরোধী দল—কাউকেই আলাদা করে চেনে না। তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে হাসপাতালগুলোতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার জন্য চিকিৎসকদের নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী।
