ইশরাকের পদত্যাগপত্র প্রস্তুত, যেকোনো সময় জমা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০১:০৭ পিএম
ছবি : সংগৃহীত
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের প্রস্তুতি নিয়েছেন ইশরাক হোসেন। পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেবেন তিনি। এরপর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে তাঁর।
ইশরাক হোসেনের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দৈনিক যুগান্তর। সূত্রটির দাবি, পদত্যাগপত্র প্রস্তুত রয়েছে। দুপুরে প্রধানমন্ত্রীর কাছে তা জমা দেওয়ার পর সংবাদ সম্মেলনে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক।
এর আগে সোমবার সকালে নিজের ফেসবুক পোস্টে ইশরাক জানান, দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন তিনি।
পোস্টে আক্ষেপ প্রকাশ করে ইশরাক লেখেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মানুষের উল্লাসসূচক মন্তব্য দেখেছেন তিনি। ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁদের দেশে ফিরে আন্দোলনে অংশ নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
পদত্যাগের পরও মাদকের বিরুদ্ধে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন ইশরাক। তিনি বলেন, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আরও বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন। পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করা এবং প্রজন্ম দলের সাংগঠনিক কার্যক্রম বাড়াতে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও জানান তিনি।
অস্ত্র হাতে অভিযান ঘিরে বিতর্ক
গত শনিবার (১৭ অক্টোবর) নিজের সংসদীয় আসন ঢাকা-৬-এর গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডে রেললাইনসংলগ্ন একটি বস্তিতে মাদকের আস্তানায় অভিযান চালান ইশরাক হোসেন। এ সময় মাদক কারবারে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। অভিযানে তাঁর অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
এরপর রোববার রাতে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বিটিভিসহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। তবে এ বিষয়ে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
পরে ইশরাক হোসেন ওই খবরকে গুজব বলে দাবি করেন। মোবাইল ফোনে গণমাধ্যমকে তিনি বলেন, তাঁর কাছে শত শত ফোন আসছে। এ সময় সবাইকে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানান তিনি।
ইশরাকের পদত্যাগপত্র জমা দেওয়া এবং সংবাদ সম্মেলনে চূড়ান্ত ঘোষণা দেওয়ার বিষয়টি তাঁর ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেলেও, পদত্যাগের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া প্রয়োজন।
