সংবিধান সংশোধনীতে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০১:২৫ পিএম
ছবি : সংগৃহীত
সংবিধান সংশোধনের উদ্যোগে বিরোধী দল সরকারকে সহযোগিতা করছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এ জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভের’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জুলাইকে ধারণ না করলে জাতীয় প্রত্যাশা পূরণ হবে না। জুলাই সনদ বাস্তবায়ন করতে গেলে আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া দুটোই দরকার। এক্ষেত্রে তো সংবিধান সংশোধন করতে হবে।’
বিরোধী দলের অসহযোগিতার প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা চাইলে বিষয়টিকে সংবিধান সংস্কার হিসেবেও বিবেচনা করতে পারত। বিরোধীদলীয় নেতা সরকারকে সহযোগিতা করবেন না বলে জানিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘তবে আমরা চাই তারা ১৮ কোটি মানুষকে সহযোগিতা করুন।’
জুলাই স্মৃতিফলক উন্মোচনকে জাতীয় অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই গণঅভ্যুত্থান এক দিনে সংঘটিত হয়নি। এর পেছনে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ধারাবাহিক আন্দোলন ছিল। জাতীয় জীবনে জুলাইয়ের স্মৃতি ও চেতনা জাগরুক রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ভবিষ্যতের নাটক ও সংস্কৃতিতেও জুলাইয়ের প্রতিফলন থাকতে হবে।
সরকার জুলাইয়ের চেতনা বাস্তবায়নে কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর ভাষ্য, প্রধানমন্ত্রী সেই পরিকল্পনা নিয়েই এগিয়ে যাচ্ছেন, কারণ তিনি জুলাই আন্দোলনে সরাসরি নেতৃত্ব দিয়েছেন। সরকার কাজের মাধ্যমেই এ প্রচেষ্টার প্রমাণ দেবে বলেও মন্তব্য করেন তিনি।
