এমপিওভুক্ত শিক্ষকরাও স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: আইনমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩১ পিএম
ছবি : সংগৃহীত
এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
সোমবার (১৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান।
আইনমন্ত্রী বলেন, আগে যেভাবে এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতেন, এখনো সেভাবেই তাঁরা নির্বাচনে অংশ নিতে পারবেন। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে বলে সরকার আশাবাদী। এ বিষয়ে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ নিয়ে সরকারের অবস্থান সম্পর্কে জানতে চাইলে আসাদুজ্জামান বলেন, কেউ সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কাজ করলে সে বিষয়ে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তিনি আরও বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়।
এর আগে সকালে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন আইনমন্ত্রী। সভায় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
