বিরোধীদল জুলাইকে ধারণ করে না: প্রধানমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পিএম
ছবি : সংগৃহীত
বিরোধী দল জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো সত্ত্বেও বিরোধীদলীয় নেতা উপস্থিত হননি বলে উল্লেখ করেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভের’ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, ‘বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে। তারা আগের অবস্থায় ফিরে এসেছে।’
বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান বিরোধীদল শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করছে। তারা অবশ্যই সরকারের বিরোধিতা করবে। তবে তা হওয়া উচিত গঠনমূলক। সব ব্যাপারে একমত না হতে পারলেও দেশের মানুষের স্বার্থে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই।’
বিরোধীদলীয় নেতার অনুষ্ঠানে যোগ না দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘তাদের যদি আমাদের সঙ্গে একই মঞ্চে বসায় আপত্তি থাকে, চাইলে তো শহীদ পরিবারের সঙ্গেও বসতে পারতেন। অথচ তারা ভোট দেওয়ার কারণেই তো আমরা সরকারে, আর তারা বিরোধীদলে।’
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে বিএনপি ও বিরোধী দল উভয়ই জনগণের কাছে গিয়েছিল। জনগণই সিদ্ধান্ত নিয়েছে আগামী পাঁচ বছর কারা দেশ পরিচালনা করবে। জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করেছে এবং বিরোধী দলও সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে। তাঁর মতে, অনুষ্ঠানে উপস্থিত না হয়ে বিরোধী দল শহীদ পরিবারগুলোকেও অবজ্ঞা করেছে।
তারেক রহমান বলেন, ‘গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ৭১ এবং ২৪-এর জুলাই আন্দোলন। দুই আন্দোলনের লক্ষ্য একই ছিল।’
জুলাই গণ-অভ্যুত্থানের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, জুলাই স্মৃতিস্তম্ভে ৮১৩ জন শহীদের নাম লিপিবদ্ধ রয়েছে। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে জাতীয়তাবাদী দলকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। আগামী পাঁচ বছর এই সরকার রাষ্ট্র পরিচালনা করবে।
