রংপুরের পথে প্রধানমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১০:০৩ এএম
ছবি : সংগৃহীত
শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে ঢাকার বাইরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বের হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে যাত্রা করেন তিনি।
দিনব্যাপী সফরে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং হিন্দু সম্প্রদায়ের পূজারি ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। সফর শেষে রাতে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের ধর্মসভা পূজামণ্ডপে যাবেন তিনি। সকাল ১০টায় পূজামণ্ডপ পরিদর্শন ও পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচি রয়েছে।
রংপুরের কর্মসূচি শেষে সৈয়দপুর বিমানবন্দর থেকে রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন তারেক রহমান।
সফরসূচি অনুযায়ী, দুপুর সোয়া ১টায় রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। এরপর দুপুর সোয়া ২টায় রাজশাহী সার্কিট হাউসে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে কিছুক্ষণ যাত্রাবিরতি ও বিশ্রাম শেষে বিকেল ৩টায় নগরীর হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি।
রাজশাহীর কর্মসূচি শেষে বিকেল সোয়া ৪টায় শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
বিকেল সাড়ে ৫টায় বিমানবন্দর থেকে নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপে যাবেন তিনি। সেখানে পূজামণ্ডপ পরিদর্শন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।
চট্টগ্রামের কর্মসূচি শেষে সন্ধ্যা পৌনে ৭টায় চট্টগ্রাম সার্কিট হাউসে যাত্রাবিরতি করবেন তারেক রহমান। পরে রাত পৌনে ৮টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি। নির্ধারিত সূচি অনুযায়ী, রাত সোয়া ৯টায় তেজগাঁও বিমানবন্দরে তাঁর অবতরণের কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, সরকারের নীতি হলো—ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকার সারা দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
তিনি আরও জানান, এ বছর দুর্গাপূজায় বরাদ্দ ও ছুটি বাড়ানো হয়েছে। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি ও সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী এবং বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড।
এ ছাড়া সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
