আ.লীগ ১৬ বছরে নজিরবিহীন লুটপাট করেছে: স্পিকার হাফিজ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পিএম
ছবি : সংগৃহীত
আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনামলে নজিরবিহীন লুটপাট হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ভোলার লালমোহন উপজেলা মাল্টিপারপাস হলরুমে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় হাফিজ উদ্দিন আহমেদকে এ সংবর্ধনা দেওয়া হয়। লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো অনুষ্ঠানের আয়োজন করে।
বক্তব্যে হাফিজ উদ্দিন আহমেদ অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনামলে শেখ হাসিনা ও তাঁর দলের সংসদ সদস্যরা বিপুল পরিমাণ অর্থ ও সম্পদ লুটপাট করেছেন। তাঁর দাবি, এসব সম্পদ বিদেশে নিয়ে গিয়ে প্রাসাদ গড়ে তোলা হয়েছে।
তিনি বলেন, দেশের সম্পদ লুটপাটের এমন নজির বিশ্বে বিরল। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে কেউ কেউ বিপুলসংখ্যক জমি দখল করেছেন। ক্ষমতাসীনরা অনন্তকাল ক্ষমতায় থাকার প্রত্যাশা করেছিলেন বলেও মন্তব্য করেন তিনি। দেশে অতীতের ওই সময়ের ঘটনার পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না বলে জানান স্পিকার।
আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করে হাফিজ উদ্দিন আহমেদ অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির নেতারা ভারতে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।
বর্তমান সরকারের কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, ক্ষমতা গ্রহণের আট মাসের মধ্যে একজন নারী সংসদ সদস্যকে দখলবাজির অভিযোগে পদত্যাগ করতে হয়েছে। একইভাবে অস্ত্র হাতে দেখা যাওয়ার ঘটনায় একজন প্রতিমন্ত্রীকেও পদত্যাগ করতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
ধর্মীয় সম্প্রীতির বিষয়ে স্পিকার বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার।’ শারদীয় দুর্গাপূজা উদ্যাপনে হিন্দু সম্প্রদায়ের মানুষকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। অতীতের তুলনায় এবার বেশি পূজামণ্ডপে পূজা উদ্যাপিত হচ্ছে বলেও উল্লেখ করেন।
আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়াকে বাংলাদেশের জন্য সম্মানজনক অর্জন হিসেবে উল্লেখ করেন হাফিজ উদ্দিন আহমেদ।
লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েতের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফান বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে লালমোহন উপজেলার ১৫০ জন অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।
