প্রতিমা বিসর্জন ঘিরে ঢাকায় ১৬ হাজার পুলিশ মোতায়েন
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পিএম
ছবি : সংগৃহীত
দুর্গাপূজার প্রতিমা বিসর্জন নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজধানী ঢাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ উপলক্ষে মহানগরীর বিভিন্ন স্থানে ১৬ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এবার ঢাকার ৩৩টি পয়েন্টে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিমা বিসর্জন হবে ওয়াইজঘাট এলাকায়।
বুধবার (২১ অক্টোবর) পলাশী মোড়ে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশন) মো. শহীদুল্লাহ।
তিনি বলেন, প্রতিমা বিসর্জন ঘিরে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ১৬ হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। নগরীর ৩৩টি পয়েন্টে বিসর্জন কার্যক্রম অনুষ্ঠিত হবে। এর মধ্যে ওয়াইজঘাট এলাকায় সবচেয়ে বেশি প্রতিমা বিসর্জন হবে।
মো. শহীদুল্লাহ জানান, ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে প্রতিমা নিয়ে শোভাযাত্রা শুরু হবে। পরে শোভাযাত্রাটি ওয়াইজঘাটে গিয়ে শেষ হবে এবং সেখানে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। শোভাযাত্রায় অংশ নিতে প্রতিমাগুলো ইতোমধ্যে নির্ধারিত স্থানে রাখা হয়েছে।
নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, ডিএমপির ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), এসআরইউ, সোয়াট ও বম্ব ডিসপোজাল ইউনিট দায়িত্ব পালন করছে। এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং এসআরবির সদস্যরাও নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন।
ডিএমপির এই কর্মকর্তা বলেন, এবার রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থার মধ্যে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বাকি সময়েও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তা মোকাবিলায় পুলিশের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে বলেও জানান মো. শহীদুল্লাহ। এ জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাজধানীবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, সবাই যেন উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পূজার কার্যক্রম সম্পন্ন করতে সহযোগিতা করেন। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ করার পুরো প্রক্রিয়ায় নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।
