উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার: অর্থ উপদেষ্টা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৬:২০ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশের অর্থনীতি বর্তমানে সংকটময় সময় পার করছে এবং সরকার উত্তরাধিকার সূত্রে একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তাঁর মতে, অর্থনৈতিক এই পরিস্থিতির কারণে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ ব্যাপক চাপের মুখে রয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে রাজবাড়ী পৌর মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, বিনিয়োগ পরিস্থিতি, বিশেষ করে বেসরকারি খাতে বিনিয়োগ কমে যাওয়ায় কর্মসংস্থানের সংকট বাড়ছে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও জ্বালানির মূল্যবৃদ্ধি দেশের অর্থনীতিতে নতুন করে চাপ তৈরি করেছে।
এ পরিস্থিতিতে বিভিন্ন সংস্থা বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি নিয়ে ভিন্ন ভিন্ন পূর্বাভাস দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য বিকৃত করে অপপ্রচার চালানোর অভিযোগ তুলে ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জিডিপি প্রবৃদ্ধি নিয়ে যে প্রক্ষেপণ দিয়েছে, সেখানে একটি মৌলিক বিষয় উপেক্ষা করা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রয়োজনীয় সংস্কার কার্যকর না হলে প্রবৃদ্ধি আরও কমে যেতে পারে।
সরকারের সংস্কার পরিকল্পনা তুলে ধরে অর্থ উপদেষ্টা বলেন, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং রাজস্ব আহরণ বাড়ানো জরুরি। একই সঙ্গে মূল্যস্ফীতির চাপে মানুষ যাতে দারিদ্র্যসীমার নিচে নেমে না যায়, সে লক্ষ্যে সরকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে।
মতবিনিময় সভায় রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম, জেলা তথ্য কর্মকর্তা রেখা ইসলামসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
