বিদ্যুৎ প্রতিমন্ত্রী
গ্রীষ্মের আগেই চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১১:২৩ পিএম
ছবি : সংগৃহীত
আগামী গ্রীষ্মের আগেই দেশে সৌরবিদ্যুৎ খাত থেকে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, সৌরবিদ্যুৎ স্থাপনে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে যশোর জেলা বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, দেশের কোনো রাজনৈতিক কার্যালয়ে এটিই প্রথম সৌর প্যানেল স্থাপন।
অনিন্দ্য ইসলাম অমিত জানান, প্রধানমন্ত্রীর নীতি অনুসরণ করে যশোর জেলা বিএনপি কার্যালয়ে ৬ কিলোওয়াট ক্ষমতার সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। কার্যালয়ের নিজস্ব চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের ব্যবস্থাও রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, এ সৌরবিদ্যুৎ স্থাপনে যে ব্যয় হয়েছে, তা তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে উঠে আসবে বলে আশা করা হচ্ছে। এ উদ্যোগ দেখে অন্য রাজনৈতিক দলগুলোও নিজেদের কার্যালয়ে সৌর প্যানেল স্থাপনে আগ্রহী হবে বলে তিনি মনে করেন।
সাধারণ মানুষের আগ্রহের পরিপ্রেক্ষিতে সরকার সৌরবিদ্যুৎ খাতে নীতিগত সহায়তা দিচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। তাঁর মতে, এর ফলে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি হচ্ছে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে।
কৃষি খাতেও সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর পরিকল্পনার কথা জানান অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, পর্যায়ক্রমে সেচ পাম্পগুলো সৌরবিদ্যুতের আওতায় আনা হবে। এতে ডিজেল ও প্রচলিত বিদ্যুতের ওপর চাপ কমার পাশাপাশি কৃষকের উৎপাদন ব্যয়ও হ্রাস পাবে।
