×

জাতীয়

সৌদির দাম্মামে কিং ফাহাদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, হতাহত ৯

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৯:২৪ এএম

সৌদির দাম্মামে কিং ফাহাদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, হতাহত ৯

ছবি : সংগৃহীত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

একই দিনে সৌদি আরবের শায়বাহ তেলক্ষেত্রে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর একটি স্থাপনায় হামলার চেষ্টা করা ড্রোন ভূপাতিত করা হয়। এ ঘটনায় আরও দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এদিকে হুতি বিদ্রোহীদের হামলা অব্যাহত থাকায় সৌদি আরবে কর্মরত নিজেদের কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২১ অক্টোবর) এক বিবৃতিতে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার তথ্য জানায় সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ)। সংস্থাটি জানায়, আহতদের মধ্যে কেউ সামান্য, আবার কেউ গুরুতর আঘাত পেয়েছেন। তাঁদের সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে বুধবার সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, শায়বাহ তেলক্ষেত্রে সৌদি আরামকোর একটি স্থাপনায় আঘাত হানার চেষ্টা করা ড্রোনটি প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়। এ ঘটনায় দুজন নিহত হন।

হুতি বাহিনী ও সৌদি আরব-সমর্থিত ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মধ্যে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে সৌদির বিমানবন্দরগুলোতে ধারাবাহিক হামলার সর্বশেষ ঘটনা এটি।

এর আগে গত সপ্তাহে সৌদি আরব জানায়, ১১ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো প্রক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নিহত ও ১১ জন আহত হন।

এর এক দিন আগে, ১০ অক্টোবর একই বিমানবন্দরে পৃথক আরেকটি হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হওয়ার কথা জানিয়েছিল দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

এদিকে হুতিদের অব্যাহত হামলার মধ্যে বুধবার সৌদি আরবে নিজেদের কূটনৈতিক মিশন থেকে কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

বার্তা সংস্থা রয়টার্সকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে অবস্থিত মার্কিন মিশন থেকেও কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ পরিস্থিতিতে বুধবার রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস সৌদি আরবে হুতিদের সম্ভাব্য আরও হামলার বিষয়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছে।

সূত্র: আল জাজিরা, রয়টার্স

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সমবায় খাতকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট আইনগুলো সময়োপযোগী করতে হবে

রাষ্ট্রপতি সমবায় খাতকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট আইনগুলো সময়োপযোগী করতে হবে

কে এই সামিরা খান মাহি?

কে এই সামিরা খান মাহি?

আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে: মাহি

আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে: মাহি

অবরোধের ৪ ঘণ্টা পর খুলল ব্রাহ্মণবাড়িয়ার সড়ক-রেলপথ

অবরোধের ৪ ঘণ্টা পর খুলল ব্রাহ্মণবাড়িয়ার সড়ক-রেলপথ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App