×

জাতীয়

রাশিয়ায় বাংলাদেশিদের মৃত্যু ও নিখোঁজ: মরদেহ ফেরত ও মন্ত্রণালয়ের জবাবদিহি দাবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১০:০৭ পিএম

রাশিয়ায় বাংলাদেশিদের মৃত্যু ও নিখোঁজ: মরদেহ ফেরত ও মন্ত্রণালয়ের জবাবদিহি দাবি

ছবি: ভোরের কাগজ গ্রাফিক্স

রাশিয়ায় চাকরির প্রলোভনে গিয়ে বাংলাদেশিদের যুদ্ধক্ষেত্রে মৃত্যু, নিখোঁজ হওয়া এবং নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে না পারার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা করে বাংলাদেশিদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়ে থাকলে তা গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং নিরাপদ অভিবাসন ব্যবস্থার ব্যর্থতার ইঙ্গিত বহন করে।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত তিন বছরে রাশিয়ায় যুদ্ধে অন্তত ৫৪ জন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। সম্প্রতি চাকরির প্রতিশ্রুতিতে নেওয়া ৩০ জনের মধ্যে অন্তত ২০ জনের মৃত্যুর খবরও প্রকাশিত হয়েছে। নিহত ও নিখোঁজ ব্যক্তিদের প্রকৃত অবস্থা, নিয়োগপ্রক্রিয়ায় প্রতারণা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত জরুরি।

এইচআরএসএস মনে করে, প্রবাসী নাগরিকদের জীবন ও নিরাপত্তা রক্ষায় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর গৃহীত পদক্ষেপ ও ব্যর্থতার বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে এবং দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

এইচআরএসএসের দাবিসমূহ

১. সময়সীমাবদ্ধ তদন্ত ও জবাবদিহি: নিহত ও নিখোঁজ বাংলাদেশিদের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে নিয়োগকারী, দালাল ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় নির্ধারণ করতে হবে। দুই মন্ত্রণালয়কে তাদের ভূমিকা ও গৃহীত পদক্ষেপের ব্যাখ্যা জনসমক্ষে দিতে হবে; অবহেলা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

২. মরদেহ ফেরত ও নিখোঁজদের উদ্ধার: নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে এবং নিখোঁজদের সন্ধান ও উদ্ধারে জরুরি কূটনৈতিক উদ্যোগ নিতে হবে। মৃত্যুর নির্ভরযোগ্য প্রমাণ সংগ্রহ করে পরিবারকে আনুষ্ঠানিকভাবে জানাতে হবে।

৩. ভুক্তভোগী পরিবারের ক্ষতিপূরণ: নিহতদের পরিবারকে প্রাপ্য ক্ষতিপূরণ, বিমা, আর্থিক সহায়তা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে।

৪. প্রতারণা প্রতিরোধ: মানবপাচার, অবৈধ নিয়োগ ও প্রতারণার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করে বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় কঠোর নজরদারি, ঝুঁকি যাচাই ও কার্যকর জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে।

এইচআরএসএস জোর দিয়ে বলছে, প্রবাসীদের জীবন ও নিরাপত্তা রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব এড়ানোর সুযোগ নেই। নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা, নিখোঁজদের সন্ধান, পরিবারগুলোর অধিকার নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ দায়ীদের জবাবদিহির আওতায় আনতে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সৌদি আরবে মৃত্যুদণ্ড: নজরুল-সুইটির নামে ছড়ানো ভিডিওটি কি আসল?

ফ্যাক্টচেক সৌদি আরবে মৃত্যুদণ্ড: নজরুল-সুইটির নামে ছড়ানো ভিডিওটি কি আসল?

দাম্মাম বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি আহত

দাম্মাম বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি আহত

রাশিয়ায় বাংলাদেশিদের মৃত্যু ও নিখোঁজ: মরদেহ ফেরত ও মন্ত্রণালয়ের জবাবদিহি দাবি

রাশিয়ায় বাংলাদেশিদের মৃত্যু ও নিখোঁজ: মরদেহ ফেরত ও মন্ত্রণালয়ের জবাবদিহি দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App