সরকার এলএনজি কিনবে তিন প্রতিষ্ঠান থেকে
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পিএম
ফাইল ছবি
আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সমন্বয় করে তিনটি প্রতিষ্ঠান থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে সিঙ্গাপুরের বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে পাঁচ কার্গো এলএনজি কেনা হবে। প্রয়োজনে প্রতিষ্ঠানটির কাছ থেকে অতিরিক্ত কার্গো কেনার সুযোগও রাখা হয়েছে। এ ছাড়া কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে এক কার্গো এবং জাপানের জেরা গ্লোবাল মার্কেটস প্রাইভেট লিমিটেডের কাছ থেকেও এলএনজি কেনার প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পৃথক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার (২৫ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সরাসরি ক্রয় পদ্ধতিতে বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে পাঁচ কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করা হয়। এ ক্ষেত্রে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) গ্যাসের দাম জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) বাজারদরের চেয়ে শূন্য দশমিক ১৭ মার্কিন ডলার কম নির্ধারণ করা হয়েছে। দুই পক্ষের সম্মতি থাকলে প্রয়োজনে অতিরিক্ত কার্গোও কেনা যাবে।
সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয়বিধিমালা, ২০২৫-এর ৯৯-এর ২ বিধি অনুসরণ করে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
একই বৈঠকে সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে কাতার এনার্জি ট্রেডিং এলএলসির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় অতিরিক্ত এক কার্গো এলএনজি কেনার প্রস্তাবও অনুমোদন করা হয়। আগামী ২০ ডিসেম্বর সরবরাহের জন্য নির্ধারিত এই কার্গোর প্রতি এমএমবিটিইউ গ্যাসের দাম জেকেএম বাজারদরের চেয়ে শূন্য দশমিক ১০ মার্কিন ডলার কম পড়বে।
অন্যদিকে, অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জাপানের জেরা গ্লোবাল মার্কেটস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এলএনজি কেনার প্রস্তাব উপস্থাপন করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। প্রস্তাবটি সরাসরি ক্রয় পদ্ধতিতে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।
এ জন্য সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয়বিধিমালা, ২০২৫-এর ৯৯-এর ২ বিধি অনুসরণের প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এবং জেরা গ্লোবাল মার্কেটস প্রাইভেট লিমিটেডের মধ্যে চূড়ান্ত করা স্বল্পমেয়াদি এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তি এবং শর্তপত্রের নির্ধারিত নমুনা স্বাক্ষরের বিষয়েও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
