×

জাতীয়

অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে এ দেশের মানুষ: শেখ হাসিনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০২১, ০৮:০৫ পিএম

অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে এ দেশের মানুষ: শেখ হাসিনা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: বিটিভি ফেসবুক লাইভ থেকে

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণে গত দেড় দশকে দারিদ্র্য-জয়, উন্নয়ন কর্মকাণ্ড ও আর্থ-সামাজিক ক্ষেত্রে কয়েকটি সূচকের অগ্রগতি তুলে ধরে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের এই অর্জন এ দেশের সাধারণ মানুষের। বাংলাদেশের মানুষ অনুকূল পরিবেশ পেলে যেকোন অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে।

গণভবন থেকে বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যার পরপর এই ভাষণ দেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, এক দশক আগেও বাংলাদেশকে যেখানে দারিদ্র্য আর অনুন্নয়নের উদাহরণ হিসেবে উপস্থাপন করা হতো, আজ উন্নয়ন বিশেষজ্ঞগণ সেই বাংলাদেশকেই দারিদ্র্য-জয় এবং উন্নয়নের আদর্শ মডেল হিসেবে তুলে ধরছেন।

এ কথা বলার পর তিনি ২০০৫-০৬ অর্থবছর থেকে বর্তমান সময় পর্যন্ত আর্থ-সামাজিক ক্ষেত্রে কয়েকটি সূচকের তুলনামূলক চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ২০০৫-০৬ বছরে মাথাপিছু আয় ছিল ৫৪৩ মার্কিন ডলার। বর্তমানে যা ২০৬৪ ডলার হয়েছে। ঐ সময়ে দারিদ্র্যের হার ছিল ৪১.৫ শতাংশ। বর্তমানে দারিদ্র্যের হার কমে দাঁড়িয়েছে ২০.৫ শতাংশ। জিডিপি’র আকার ৪ লাখ ৮২ হাজার ৩৩৭ কোটি থেকে ২৮ লাখ কোটি টাকা হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল মাত্র ০.৭৪৪ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ এক বিলিয়ন ডলারের কম যা বর্তমানে ৪৪ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে।

শেখ হাসিনা আরও বলেন, ২০০৫-০৬ বছরে বাজেটের আকার ছিল ৬১ হাজার কোটি টাকা। বর্তমান অর্থবছরের আমাদের বাজেটের আকার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। মানুষের গড় আয়ু ২০০৫-০৬ বছরের ৫৯ বছর থেকে বৃদ্ধি পেয়ে ২০১৯-২০ সালে দাঁড়িয়েছে ৭২.৬ বছর। শিশু মৃত্যুহার হার কমে প্রতি হাজারে ৮৪ থেকে ২৮ এবং মাতৃমৃত্যু হার প্রতি লাখে ৩৭০ থেকে ১৬৫ জনে দাঁড়িয়েছে। ঐ সময় সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ ছিল ৩৭৩ কোটি টাকা। চলতি অর্থবছরে বরাদ্দ ৯৫ হাজার ৫৭৪ কোটি। দানাদার শস্যের উৎপাদন ২০০৫-০৬ বছরের ১ কোট ৮০ লাখ মে. টন থকে বৃদ্ধি পেয়ে বর্তমানে ৪ কোটি ৫৩ লাখ ৪৪ হাজার মেট্রিক টনে উন্নীত হয়েছে। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৪,৯০০ মেগাওয়াট থেকে ২৪ হাজার ৪২১ মেগাওয়াটে বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ সুবিধাভোগী জনসংখ্যা ৪৭ থেকে ৯৯ শতাংশে উন্নীত হয়েছে।

এসব তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এ দেশের কৃষক-শ্রমিক-পেশাজীবী, আমাদের প্রবাসী ভাইবোনেরা, এ দেশের উদ্যোক্তাগণ - তাঁদের শ্রম, মেধা এবং উদ্বাবনী শক্তি দিয়ে দারিদ্র্য নিরাময়ের অসম্ভব কাজকে সম্ভব করে তুলেছেন। আমার সরকার শুধু নীতি সহায়তা দিয়ে সহায়ক পরিবেশ তৈরি করেছে।

তিনি বলেন, আমাদের বিগত ১২ বছরের অক্লান্ত পরিশ্রমের ফলে আর্থ-সামাজিক সূচকে বাংলাদেশ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। গত মাসে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশ লাভ করেছে। গড় আয়ু, লিঙ্গ সমতা, সর্বজনীন প্রাথমিক শিক্ষা, নারী শিক্ষা, নারীর রাজনৈতিক অধিকার, নারী ও শিশু মৃত্যুহার, স্যানিটেশন, খাদ্য প্রাপ্যতা - ইত্যাদি নানা সূচকে বাংলাদেশ শুধু তার প্রতিবেশি দেশগুলোর চেয়ে এগিয়ে যায়নি, অনেক ক্ষেত্রে অনেক উন্নত দেশকেও ছাড়িয়ে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

রিট খারিজ ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App