বিরোধীদলীয় নেতা
‘শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ শুনে মোটেও ভালো লাগেনি’
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১০:৩৬ পিএম
ছবি : সংগৃহীত
শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য নিয়ে সংসদে দেওয়া দুঃখ প্রকাশকে স্বাগত জানালেও এতে সন্তুষ্ট নন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
বিরোধীদলীয় নেতা বলেন, শিক্ষামন্ত্রী তার একটি বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন, এজন্য তাকে ধন্যবাদ জানাই। তবে বিষয়টি শুনে তার ভালো লাগেনি বলেও উল্লেখ করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, “মাননীয় শিক্ষামন্ত্রী তার একটি মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি যেহেতু দুঃখ প্রকাশ করেছেন, এ নিয়ে আর কিছু বলার নেই। কিন্তু বিষয়টি শুনে আমার মোটেই ভালো লাগেনি। তিনি যে অর্থেই মন্তব্যটি করে থাকুন না কেন, আমাদের দায়িত্বশীল অবস্থান থেকে এ ধরনের মন্তব্য করা উচিত নয়। দায়িত্বশীল ব্যক্তিদের আরও সতর্ক থাকা প্রয়োজন।”
বক্তব্যের শেষ অংশে তিনি দেশের গণতান্ত্রিক সংস্কার ও নির্বাচন ব্যবস্থা নিয়েও কথা বলেন।
তিনি বলেন, জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল রাষ্ট্রে পরিবর্তন আনা এবং নতুনভাবে জাতি গঠনের পথ তৈরি করা। এ লক্ষ্যে জাতীয় ঐকমত্য পরিষদের দীর্ঘ আলোচনার মাধ্যমে বিভিন্ন সুপারিশ প্রণয়ন করা হয় এবং পরে একটি গণভোট অনুষ্ঠিত হয়।
বিরোধীদলীয় নেতা দাবি করেন, ওই গণভোটে জনগণ সংস্কারের পক্ষে রায় দিলেও পরবর্তীকালে সেই প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। তিনি বলেন, “কেন বারবার বলা হচ্ছে যে এখানে প্রতারণা হয়েছে, সেটি আমরা বুঝতে পারছি না।”
