নাহিদ ইসলাম
জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৭:২৩ পিএম
ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারকে গণআন্দোলনের মুখোমুখি হতে হবে। প্রয়োজনে গণআন্দোলন এবং গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে আমরা বাধ্য হবো বলে হুঁশিয়ারি দেন তিনি।
শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, বরিশাল থেকে শুরু হওয়া কর্মসূচি রাজধানী ঢাকার মহাসমাবেশে গিয়ে শেষ হবে। এরপর জেলা ও উপজেলা পর্যায়েও ধারাবাহিক কর্মসূচি চলবে। এর মধ্যেই সরকার যদি গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে গণআন্দোলন এবং প্রয়োজনে গণঅভ্যুত্থানের পথে যেতে বাধ্য হবেন বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে হরতাল বা অবরোধের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হয়নি। তবে প্রয়োজন হলে এমন কর্মসূচি দেওয়ার প্রস্তুতি রয়েছে। তার দাবি, তারা এ ধরনের কর্মসূচির পক্ষে না থাকলেও সরকারের কর্মকাণ্ড এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের অবস্থান দেশকে সেই পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।
সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী প্রকাশ্যে জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করলেও বাস্তবে তা বাস্তবায়নের উদ্যোগ দেখা যাচ্ছে না। তিনি অভিযোগ করেন, গণভোটে সংস্কারের পক্ষে জনগণের সমর্থন পাওয়ার পরও সেই গণরায়ের প্রতিফলন ঘটানো হয়নি।
বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, “বাংলাদেশের মানুষ সরকারকে ক্ষমতায় এনেছে জনগণের প্রত্যাশা পূরণের জন্য, প্রতিশ্রুতি থেকে সরে যাওয়ার জন্য নয়।”
সমাবেশে আরও বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম), বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁনসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।
