সারজিস আলম
একই পথে হাঁটলে আপনাদের পরিণতি আ.লীগের চেয়েও খারাপ হবে
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৯:১০ পিএম
ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই সনদের ভিত্তিতেই যেমন গণভোট অনুষ্ঠিত হয়েছে, তেমনি একই ভিত্তিতে জাতীয় নির্বাচনও হয়েছে। তাই গণভোটকে অবৈধ বলা হলে সরকারকেও বৈধ বলা যায় না।
শনিবার (২৫ জুলাই) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া মোহাম্মদীয়া দাখিল মাদরাসা মাঠে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এক সময় জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছেন, আবার অন্য সময় গণভোটকে অসাংবিধানিক বলছেন। একই বিষয়ে সরকারের এমন দ্বৈত অবস্থান জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, জুলাই ঘোষণার ভিত্তিতেই গণভোট হয়েছে এবং একই ঘোষণার ধারাবাহিকতায় নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে। তাই গণভোটকে অবৈধ বা অসাংবিধানিক বলা হলে সেই প্রক্রিয়ায় গঠিত সরকার নিয়েও প্রশ্ন ওঠে।
বিএনপির উদ্দেশে সতর্কবার্তা দিয়ে সারজিস আলম বলেন, আওয়ামী লীগ মেগা প্রকল্পের আড়ালে ব্যাপক দুর্নীতির অভিযোগে সমালোচিত হয়েছিল। বিএনপি যদি একই পথে হাঁটে, তাহলে তাদের পরিণতি আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ হতে পারে।
তিনি অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় খাল খনন প্রকল্পে অনিয়ম হচ্ছে। তার ভাষায়, খাল খননের কাজ শুরুর আগেই অর্থ আত্মসাতের অভিযোগ উঠছে; এমনকি খালের মাটি ও বালু নিয়েও অনিয়মের কথা শোনা যাচ্ছে।
সরকারি উন্নয়ন প্রকল্পের বিষয়ে তিনি আরও অভিযোগ করেন, কোনো কোনো ক্ষেত্রে ঠিকাদারদের কাজ শুরুর আগেই কমিশন দিতে হচ্ছে। এতে নিম্নমানের কাজ হওয়ার কারণে জনদুর্ভোগ বাড়ছে।
প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে সারজিস আলম বলেন, কোনো রাজনৈতিক দলের নয়, জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালন করা উচিত। কারণ রাজনৈতিক দল পরিবর্তন হলেও জনগণ সবসময় রাষ্ট্রের অংশ হয়ে থাকবে।
তিনি আরও বলেন, বর্তমান আন্দোলন কোনো একক রাজনৈতিক দলের নয়; এটি ন্যায়-অন্যায় ও সুশাসনের প্রশ্নে জনগণের লড়াই।
সভায় এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী বলেন, রাষ্ট্রপতি পদ নিয়ে নানা আলোচনা হলেও রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানো প্রয়োজন। তার মতে, নতুন রাষ্ট্রপতিকে অতীতের বিভিন্ন আলোচিত হত্যাকাণ্ড ও জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের বিচার নিশ্চিত করার বিষয়ে দৃঢ় অবস্থান নিতে হবে।
তিনি সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে (চুপ্পু) গ্রেপ্তারের দাবিও জানান। তার দাবি, এ বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে জনগণের মধ্যে নেতিবাচক বার্তা যাবে।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জাহিদুল ইসলাম, ময়মনসিংহ জেলা আহ্বায়ক এটিএম মাহবুব আলম, সদস্য সচিব জসিম উদ্দিন, মহানগর সদস্য সচিব ইকরাম এলাহী খান, ধোবাউড়া উপজেলা সমন্বয়কারী আতিকুর রহমান এবং এনসিপি মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাইফুল্লাহসহ স্থানীয় নেতারা।
