নাসীরুদ্দীন পাটওয়ারী
আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৯:৩৭ পিএম
ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আগামী দিনের রাজনৈতিক লড়াই কোনো দলকে কেন্দ্র করে নয়; বরং ন্যায়-অন্যায়, ভালো-মন্দ এবং জুলুম-ইনসাফের মধ্যকার লড়াই হবে। জনগণকে বিবেক দিয়ে সেই অবস্থান নির্ধারণ করতে হবে।
শনিবার (২৫ জুলাই) বিকেলে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ময়মনসিংহে আয়োজিত পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের প্রকৃত পরিবর্তনের জন্য শুধু সরকার বা রাজনৈতিক দলের পরিবর্তন যথেষ্ট নয়; প্রয়োজন মানুষের চিন্তা-চেতনা ও সিদ্ধান্ত গ্রহণের পরিবর্তন। দল বা প্রতীকের প্রতি অন্ধ সমর্থন নয়, ন্যায় ও অন্যায়ের ভিত্তিতে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, এনসিপি যদি ন্যায়ের পক্ষে থাকে, জনগণ তাদের সমর্থন করবে; অন্যথায় করবে না।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে মেগা প্রকল্পের নামে যেমন দুর্নীতি হয়েছে, তেমনি বর্তমানে খাল খননসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পেও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠছে। অতীতের সেই পথ অনুসরণ করলে সংশ্লিষ্টদেরও একই পরিণতি ভোগ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে এনসিপির এই নেতা বলেন, কোনো রাজনৈতিক দলের নয়, জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। ক্ষমতা স্থায়ী নয়, কিন্তু জনগণ সবসময় থাকবে। তাই জনগণের আস্থা অর্জনই প্রশাসনের প্রধান দায়িত্ব হওয়া উচিত।
গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস করা উচিত নয়। সত্য-মিথ্যা নির্ধারণে বিবেক ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান তিনি।
সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সীমান্ত নিরাপদ না থাকলে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব নয়। সীমান্তে হত্যা ও নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, সরকারি দপ্তরগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে এবং তরুণদের সৎ, যোগ্য ও জবাবদিহিমূলক নেতৃত্ব গড়ে তুলতে হবে। বক্তব্যের একপর্যায়ে তিনি স্থানীয় এক তরুণ প্রার্থীর পরিচয় তুলে ধরে তার প্রতি সমর্থন কামনা করেন। একই সঙ্গে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (চুপ্পু)-এর গ্রেপ্তারের দাবিও জানান।
জাতীয় যুবশক্তির ময়মনসিংহের আহ্বায়ক ফয়সাল ফারনিমের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক ও এনসিপি মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাইফুল্লাহ, এনসিপির যুগ্ম সদস্যসচিব জাহিদুল ইসলাম, ময়মনসিংহ জেলা আহ্বায়ক এটিএম মাহবুব আলম, সদস্যসচিব জসিম উদ্দিন, মহানগর সদস্যসচিব ইকরাম এলাহী খান এবং ধোবাউড়া উপজেলা সমন্বয়কারী আতিকুর রহমান।
