হবিগঞ্জের ঘটনায় এনসিপির অভিযোগ দায়ের
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৯:৩৪ পিএম
ছবি : সংগৃহীত
হবিগঞ্জে নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে অবশেষে থানায় অভিযোগ দায়ের করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় প্রায় পাঁচ ঘণ্টা অপেক্ষার পর দলের কেন্দ্রীয় নেতারা বাহুবল থানার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে গিয়ে অভিযোগ দাখিল করেন।
বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে অনলাইনের মাধ্যমে হবিগঞ্জ সদর থানায় অভিযোগটি জমা দেওয়া হয়।
এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব নাসিরউদ্দিন পাটোয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মিতুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে একই দিন বিকেলে হবিগঞ্জে যাওয়ার পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন এনসিপির কেন্দ্রীয় নেতারা। পরে সেই বাধা অতিক্রম করে যাত্রা অব্যাহত রাখলেও হবিগঞ্জের মিরপুর এলাকায় আবারও পুলিশ তাদের পথরোধ করে। এ সময় নেতাকর্মীরা সড়কে অবস্থান নেন। পরবর্তীতে অভিযোগ দায়েরের জন্য এনসিপির পাঁচ নেতাকে পুলিশের নিরাপত্তায় একটি পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হল এলাকায় পদযাত্রা শেষে ফেরার পথে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় কয়েকজন সাংবাদিক ও এনসিপির নেতাকর্মী আহত হন। হামলার প্রতিবাদে বুধবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে দলটি।
এদিকে, বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জ পৌর এলাকায় বুধবার ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট ড. জিএম সরফরাজ স্বাক্ষরিত আদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত, মিছিল, সমাবেশ ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।
