×

এনসিপি

সারজিস আলম

বিএনপি কোনোদিন পোষ্য বিরোধী দল পাবে না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১০:১৬ এএম

বিএনপি কোনোদিন পোষ্য বিরোধী দল পাবে না

ছবি : সংগৃহীত

বিএনপি ভবিষ্যতে কোনো ‘পোষ্য বিরোধী দল’ পাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি বলেছেন, সংসদ কিংবা রাজপথ কোনো জায়গাতেই বিএনপির প্রেসক্রিপশনে বিরোধী দল হিসেবে এনসিপি কথা বলবে না।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নোয়াখালী জেলা শহরের মাইজদীতে এনসিপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সমন্বয় সভায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, বিএনপি যে ‘প্রতারণার রাজনীতি’ শুরু করেছে, তার ফল তাদের ভোগ করতে হবে। সংসদ থেকে রাজপথ—সব জায়গাতেই এর প্রতিক্রিয়া দেখা যাবে।

তিনি বলেন, বর্তমান বিএনপি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সময়কার বিএনপি নয়। একইভাবে তারেক রহমানও ২০২৪ সালের আগের সেই তারেক রহমান নন বলে মন্তব্য করেন তিনি। সারজিসের দাবি, সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার পর ক্ষমতাকে আরও কেন্দ্রীভূত করা এবং সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ যেমন জাতীয় পার্টিকে পোষ্য বিরোধী দল হিসেবে পেয়েছিল, তেমনি বিএনপি যেন এমন কোনো বিরোধী দল ভবিষ্যতে পাবে না বলে মনে রাখে। এনসিপি বিএনপির নির্দেশনা অনুযায়ী সংসদে বা রাজপথে কোনো ভূমিকা পালন করবে না বলেও মন্তব্য করেন তিনি।

সারজিস আলম দাবি করেন, আগের নির্বাচনের অভিজ্ঞতা থাকলে এনসিপি আরও অন্তত পাঁচটি আসনে জয় পেতে পারত। তার মতে, যারা ২ হাজার, ৪ হাজার, ৫ হাজার, ৭ হাজার বা ৮ হাজার ভোটের ব্যবধানে হেরেছেন, তাদের নির্বাচনী অভিজ্ঞতা থাকলে ফল ভিন্ন হতে পারত।

তিনি বলেন, এসব প্রার্থী মূলত ভোটে হারেননি; বরং বিভিন্ন কৌশল ও অপকৌশলের কারণে পরাজিত হয়েছেন।

সারজিস আলম আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি ওয়ার্ডে এনসিপির ছাত্র, যুব, নারী ও শ্রমিকসহ বিভিন্ন অঙ্গসংগঠনের কমিটি গঠন করা হবে। সংগঠন শক্তিশালী হলে ২০৩১ সালের নির্বাচনে জনগণের রায় নিয়ে এনসিপি সরকার গঠন করে সংসদে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে সারজিস আলম বলেন, শাহবাগের আন্দোলন ও ২০২৪ সালের অভ্যুত্থানের সঙ্গে বিএনপির প্রত্যক্ষ সম্পৃক্ততা ছিল না। তাই শাহবাগের রাজনীতি নিয়ে তাদের অস্বস্তি রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ২০২৪ সালের আন্দোলন ও অভ্যুত্থান শাহবাগ ও বাংলাদেশের রাজপথের সংগ্রাম থেকেই এসেছে। সেই আন্দোলনের ফলেই রাজনৈতিক পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে এবং অনেকে দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হতে পেরেছেন।

সারজিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি আবার স্বৈরাচারী পথে হাঁটে, তাহলে অতীতের চেয়েও কঠিন পরিণতি হতে পারে।

দলের অভ্যন্তরীণ বিষয় নিয়েও নেতাকর্মীদের সতর্ক করেন সারজিস আলম। তিনি বলেন, নিজেদের মধ্যে বিরোধ বা বিভাজনে দলের শক্তি নষ্ট করা যাবে না। সামনে দীর্ঘ রাজনৈতিক লড়াই রয়েছে, তাই এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়।

তিনি বলেন, বর্তমানে কেউ হয়তো জেলা কমিটির সদস্য। তবে যোগ্যতার প্রমাণ দিতে পারলে ছয় মাস, এক বছর কিংবা দুই বছর পর সেই নেতাই জেলার নেতৃত্বে আসতে পারেন।

সমন্বয় সভায় এনসিপির কেন্দ্রীয় নেতারা, নোয়াখালী জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে প্রায় ৪৬৯, নিখোঁজ অন্তত ১৫০০

নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে প্রায় ৪৬৯, নিখোঁজ অন্তত ১৫০০

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশকে ঘিরে যা বলল পাকিস্তান

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশকে ঘিরে যা বলল পাকিস্তান

বিএনপি কোনোদিন পোষ্য বিরোধী দল পাবে না

সারজিস আলম বিএনপি কোনোদিন পোষ্য বিরোধী দল পাবে না

সরকারের বিশেষ নজরদারিতে রয়েছে যেসব জেলা

সরকারের বিশেষ নজরদারিতে রয়েছে যেসব জেলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App