ডিবি কার্যালয়ে সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সারজিস
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পিএম
ছবি : সংগৃহীত
চব্বিশের গণ-আন্দোলনের সময় গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়ার পর মানসিক নির্যাতনের শিকার হওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলম।
সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আন্দোলন চলাকালে রাজধানীর সায়েন্সল্যাব এলাকার একটি বাসা থেকে তাকে এবং হাসনাত আব্দুল্লাহকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। পরে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে পৃথক কক্ষে রাখা হয়।
সারজিস আলমের ভাষ্য অনুযায়ী, তাদের দীর্ঘ সময় আলাদা কক্ষে আটকে রাখা হয়েছিল এবং ঘুমাতে দেওয়া হতো না। এমনকি পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দিয়ে তাদের ওপর মানসিক চাপ সৃষ্টি করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
ডিবি কার্যালয়ে ধারণ করা আলোচিত ভিডিও প্রসঙ্গে সারজিস বলেন, তৎকালীন ডিবিপ্রধান হারুন অর রশীদের পক্ষ থেকে তাদের হাতে একটি লিখিত বক্তব্য দেওয়া হয়েছিল। পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা এবং চাপের মুখে নাহিদ ইসলাম প্রথমে ওই বক্তব্য পড়তে সম্মত হন বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, পরবর্তীতে ভয়ভীতি দেখিয়ে তাদের দিয়ে ভিডিও বার্তা ধারণ করা হয়। আন্দোলনের কর্মসূচি প্রত্যাহারের বিষয়ে কয়েক লাইনের একটি বক্তব্য পাঠ করিয়ে যে পরিস্থিতি তৈরি করা হয়েছিল, তা সাধারণ মানুষ সহজেই বুঝতে পেরেছিল বলেও মন্তব্য করেন সারজিস।
তার দাবি, ওই সময় জনসাধারণের মধ্যে ধারণা তৈরি হয়েছিল যে চাপ ও ভয়ভীতির মুখে তাদের কাছ থেকে বক্তব্য আদায় করা হয়েছে।
চব্বিশের গণ-আন্দোলনের সময় ডিবি হেফাজতে নেওয়া এবং সেখানে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে সারজিস আলমের এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
