পদত্যাগ করছেন ইশরাক, যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০১:২৩ পিএম
ছবি : সংগৃহীত
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, মাদকবিরোধী অভিযানে ইশরাকের উদ্দেশ্য ভালো থাকলেও স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে তিনি ফাঁদে পড়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ইশরাক হোসেন নতুনভাবে রাজনীতিতে কাজ শুরু করেছেন। মাদকের বিস্তার বন্ধ করাই তাঁর উদ্দেশ্য ছিল বলে মনে করেন তিনি। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে ইশরাককে পরিস্থিতির শিকার হতে হয়েছে বলে মন্তব্য করেন এনসিপির এই নেতা।
তিনি বলেন, “সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর। গুলি কেন খেলেন ইশরাক ভাই? অর্থাৎ, স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করেন, আরেকজন সেই পাপের ভোগান্তিতে পড়েন। এটা আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা। মাঝখান দিয়ে ইশরাক ভাই ফাঁদে পড়ে গেলেন।”
হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এ সময় দেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর অভিযোগ, বিএনপি সরকার সবার নিরাপত্তা নিশ্চিত করার কথা বললেও হিন্দু সম্প্রদায়ের অনেকে ভালো নেই। গত তিন-চার মাসের বিভিন্ন ঘটনার তথ্যেও অনেক জায়গায় ভাঙচুরের চিত্র উঠে এসেছে বলে দাবি করেন তিনি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি হিন্দু সম্প্রদায়ের মানুষের অনুভূতির সঙ্গে জড়িত। তাই কোনো কাজের মাধ্যমে যেন তাঁদের মধ্যে ক্ষোভ, দুঃখ বা আঘাতের সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এ বিষয়ে কথা বলার কারণে তাঁকে যেন কোনো বিশেষ রাজনৈতিক পরিচয়ে আখ্যায়িত করা না হয়। তাঁর ভাষ্য, হিন্দু সম্প্রদায়ের মানুষও অন্যদের ভালোবাসেন, তাঁদেরও ভালোবাসা ও সম্মান করা উচিত।
তিনি আরও বলেন, কোনো বিষয়ে ভুল-বোঝাবুঝি তৈরি হলে সংশ্লিষ্টদের একসঙ্গে বসে আলোচনা করা প্রয়োজন। এতে পারস্পরিক দূরত্ব কমবে এবং ভুল-বোঝাবুঝির অবসান ঘটতে পারে।
