হাসনাত আবদুল্লাহ
সালাহউদ্দিন আহমদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০২:২৬ পিএম
ছবি : সংগৃহীত
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের ঘোষণা নিয়ে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। একজন প্রতিমন্ত্রী হয়েও কেন তাঁকে অস্ত্র হাতে নিয়ে মাদকের বিরুদ্ধে অভিযানে নামতে হলো, তা নিয়ে সরকারের কাছে জবাবদিহি দাবি করেছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।
পোস্টে তিনি লেখেন, ইশরাকের এভাবে মাঠে নামার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে কাজ করলে একজন প্রতিমন্ত্রীকে কেন সরাসরি অভিযানে নামতে হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।
হাসনাতের ভাষ্য, এ পরিস্থিতির দায় শুধু ইশরাক হোসেনের নয়; মাদক নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভূমিকা এবং ব্যর্থতার দায়ও খতিয়ে দেখা প্রয়োজন। প্রতিষ্ঠানগুলো দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়ও রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এনসিপির এই নেতা আরও লেখেন, একজন প্রতিমন্ত্রীকে সরিয়ে দেওয়াকেই যদি সমস্যার সমাধান মনে করা হয়, তাহলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত হবে কীভাবে? দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো কার্যকর থাকলে একজন প্রতিমন্ত্রীকে কেন নিজের হাতে আইন তুলে নেওয়ার মতো পরিস্থিতিতে পড়তে হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে হাসপাতালে গিয়ে শৌচাগার পরিদর্শনের উদাহরণ টেনে হাসনাত বলেন, হাসপাতালের পরিচ্ছন্নতা ও সেবার মান নিশ্চিত করার জন্য নির্দিষ্ট কর্তৃপক্ষ এবং তদারকি ব্যবস্থা রয়েছে। সেগুলো যথাযথভাবে কাজ করলে প্রধানমন্ত্রীকে সরাসরি এসব বিষয় পরিদর্শনে যেতে হতো কি না, তা নিয়েও প্রশ্ন ওঠে। তাঁর মতে, বিষয়টি শুধু একটি হাসপাতালের পরিচ্ছন্নতার নয়; বরং দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতার সঙ্গেও সম্পর্কিত।
স্ট্যাটাসে হাসনাত আরও বলেন, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে নিজে তদারকি করতে হলে কিংবা প্রতিমন্ত্রীকে নিজে রাস্তায় নেমে মাদক নিয়ন্ত্রণের উদ্যোগ নিতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠবেই।
তিনি সতর্ক করে বলেন, ব্যক্তিকে সরিয়ে দিয়ে সাময়িকভাবে সংকট সামাল দেওয়া সম্ভব হলেও প্রাতিষ্ঠানিক ব্যর্থতার সমাধান হয় না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা নিশ্চিত করা, ব্যর্থতার কারণ অনুসন্ধান এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
স্ট্যাটাসের শেষাংশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করে হাসনাত লেখেন, ‘দিনশেষে ঘের দখল, দুর্নীতি ও ঘুষের মামলায় সাজাপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ব্যর্থতার বলি হতে হবে জনাব ইশরাক হোসেনদের।’
হাসনাতের এসব বক্তব্য তাঁর ব্যক্তিগত ফেসবুক পোস্টে দেওয়া মন্তব্য। এতে তিনি ইশরাকের পদত্যাগের পরিস্থিতিকে কেন্দ্র করে মাদক নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভূমিকা ও সরকারের জবাবদিহির প্রশ্ন সামনে এনেছেন।
