মদ ধ্বংস অভিযানে বিশৃঙ্খলা, লুটের উন্মাদনায় মাতে জনতা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
আন্ধ্রপ্রদেশের গুন্টুরে পুলিশের জব্দকরা মদের বোতল ধ্বংস অভিযানে এক অভূতপূর্ব ঘটনা ঘটে। ধ্বংসের আগে বোতলগুলো সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছিল, যা দেখে স্থানীয় জনতা বিনামূল্যে মদ পাওয়ার লোভে ছুটে আসে এবং পরিস্থিতি দ্রুতই বিশৃঙ্খল হয়ে ওঠে।
সোমবার (১০ সেপ্টেম্বর) গুন্টুরের পুলিশ সুপার এস. সতীশ কুমারের নির্দেশে নির্বাচনের সময় জব্দ হওয়া ৫০ লাখ টাকার বেশি মূল্যের মদের বোতল ধ্বংসের জন্য রাখা হয়। পরিকল্পনা ছিল এগুলো ধ্বংস করার, কিন্তু স্থানীয় লোকজন খবর পেয়ে দ্রুত সেখানে উপস্থিত হয় এবং বোতলগুলো লুট করতে শুরু করে। খবর হিন্দুস্থান টাইমসের।
প্রতিবেদনটিতে বলা হয়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, লোকজন পুলিশের বাধা ও লাঠিচার্জ উপেক্ষা করেও মদ নিয়ে পালানোর চেষ্টা করছে। ভিডিওতে দেখা যায়, কেউ কেউ এমনকি পুলিশের সঙ্গে বোতল নিয়ে যাওয়ার জন্য দর-কষাকষি করছে। অবশেষে, কিছু লোক মদ ফেরত দিলেও অনেকেই বোতল নিয়ে পালিয়ে যায়।
ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তোলে এবং হাস্যরসের সৃষ্টি করে। একজন টুইটার ব্যবহারকারী মজা করে লিখেছেন, শেষ ব্যক্তি দু’জন পুলিশকে বোঝাতে সক্ষম হয় যে সে বোতল নিয়ে চলে যেতে পারে! আরেকজন লেখেন, মানুষ ভেবেছিল বোধহয় মদের ‘লঙ্গর’ চলছে।
আরো পড়ুন: শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো প্রশ্নের জবাব দিলো ভারত
এই বিশৃঙ্খল পরিস্থিতি সামলাতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। বর্তমানে লুটে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত চলছে।
