ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ০৮:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে হঠাৎ মধ্যরাতে ঝটিকা মিছিল করেছেন ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা। শেখ হাসিনা সরকারের পতনের প্রায় আড়াই মাস পর মিছিল করলো তারা। শুক্রবার (১৯ অক্টোবর) রাত পৌনে ১টার দিকে কোতোয়ালি থানার জামালখান সড়কে প্রায় ৫০ থেকে ৬০ কর্মী সেটি বের করে।
এলাকাবাসী জানান, রাত পৌনে ১টার দিকে জামালখান মোড় থেকে একটি ঝটিকা মিছিল চেরাগি মোড়ের দিকে চলে যান। এসময় অগ্রভাগে কয়েকটি মোটরসাইকেল ছিল। মিছিলকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা ভয় নেই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘শেখ হাসিনা শেখ হাসিনা’ ইত্যাদি স্লোগান দেন। কারো কারো হাতে আগ্নেয়াস্ত্র ছিল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ‘জুলাই হত্যাকাণ্ডে শহিদদের রক্তরঞ্জিত রাজপথে পতিত স্বৈরাচারের প্রেতাত্মারা স্লোগান দেয়ার দুঃসাহস দেখিয়েছে। এ প্রতিবাদে জামালখানে বিক্ষোভ সমাবেশ হবে। দলমত নির্বিশেষে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে পুনরায় নামার আহ্বান জানান তিনি।
