আওয়ামী লীগের ফেরা নিয়ে এবার যা বললেন সমন্বয়ক হাসনাত
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ১১:০৩ পিএম
ছবি : সংগৃহীত
কুমিল্লার দেবিদ্বারে অনুষ্ঠিত এক স্মরণসভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসবে কি না, তা ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ যদি কখনো ফিরে আসতো, তাহলে শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে হতো না। পৃথিবীতে এমন কোনো উদাহরণ নেই যেখানে ফ্যাসিবাদের পতনের পর সেটি পুনরায় ফিরে এসেছে। বরং ইতিহাসে দেখা গেছে, যারা উৎখাত হয়েছে, তারা ক্রমশ নিগৃহীত হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই সভায় হাসনাত আবদুল্লাহ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এটি আয়োজন করেছিল উপজেলা প্রশাসন। জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে আয়োজিত এই সভায় নিহতদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
ফ্যাসিবাদের উদাহরণ দিয়ে বক্তব্য
সভায় জার্মানি ও ইতালির ফ্যাসিবাদ নিয়ে আলোচনা করতে গিয়ে হাসনাত আরো বলেন, নাৎসি পার্টি এবং মুসোলিনির ফ্যাসিস্ট পার্টি যে ক্যাটাগরির ছিল, এই আওয়ামী লীগও একই ক্যাটাগরির ফ্যাসিস্ট শক্তি। এই আওয়ামী লীগের বিচার নিশ্চিত হওয়ার আগে বা পরে তাদের কোনোভাবেই ফিরে আসার সুযোগ নেই।
তিনি আরো সতর্ক করেন যে ফ্যাসিস্ট সরকারগুলোর সহযোগী শক্তিগুলো আবারও মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে। এ বিষয়ে তিনি বলেন, ফ্যাসিবাদ বিভিন্ন রূপে আসতে পারে। এটি আপনার স্কুলে, সমাজ কাঠামোয়, এমনকি অর্থনৈতিক কাঠামোয়ও থাকতে পারে। আমাদের নিশ্চিত করতে হবে, ফ্যাসিবাদ যেন কোনোভাবেই পুনরুত্থান না ঘটে।
