×

রাজনীতি

বিএনপিপন্থী ইউপি চেয়ারম্যানকে হটাতে একাট্টা আওয়ামীপন্থী ৭ ইউপি সদস্য

Icon

মিজবাউল হক, চকরিয়া (কক্সবাজার)

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৮:৪৬ পিএম

বিএনপিপন্থী ইউপি চেয়ারম্যানকে হটাতে একাট্টা আওয়ামীপন্থী ৭ ইউপি সদস্য

ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়ন পরিষদের বিএনপিপন্থী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন রশিদকে অপসারণের চেষ্টায় একাট্টা হয়েছেন একই ইউনিয়নের ৭ আওয়ামীপন্থী ইউপি সদস্য। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে সংবাদ সম্মেলন করে এমনটাই জানান ওই ইউপি সদস্যরা।

সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, পূর্ব বড়ভেওলা ইউনিয়ন পরিষদের বিএনপির নেতাকর্মীরা বসে থাকেন, মেম্বাররা (আওয়ামীপন্থী) আসতে পারে না। উন্নয়ন প্রকল্পও তারা পায় না। বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান একাই সবকিছু করেন। সংবাদ সম্মেলন শেষে তারা চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত স্মারকলিপি দেন আওয়ামীপন্থী মেম্বারেরা।

তারা হলেন পূর্ব বড়ভেওলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রকাশ আশু মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য বাহাদুর আলম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কফিল উদ্দিন, উপজেলা মৎস্যজীবী লীগের সহসভাপতি ওসমান গণি, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রার্থী তালেব উল্লাহ, মৎস্যজীবী লীগের সভাপতি আজিজুল হক, আওয়ামী লীগ নেতা মহসিন মেম্বার।

জানা গেছে, জুলাই আন্দোলনের পর সরকার পরিবর্তনের পরে আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত চেয়ারম্যান মুন্নাকে অপসারণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। পরে প্যানেল চেয়ারম্যান হারুন রশিদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

এদিকে আওয়ামীপন্থী মেম্বারেরা সংবাদ সম্মেলনের পর শুক্রবার বিকেল ৩টায় পরিষদে বসে পাল্টা সংবাদ সম্মেলন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন রশিদ।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তিনি একজন নির্বাচিত প্যানেল চেয়ারম্যান হয়েও জুলাই আন্দোলনের আগে তাকে ৩ বছর দায়িত্ব পালন করতে দেয়নি আওয়ামী লীগ। সরকার পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু কট্টরপন্থী আওয়ামী লীগের মেম্বারেরা বহাল তবিয়তে থেকে সরকার এবং সরকারের উন্নয়নকাজের বিরোধিতা করছে।

তিনি বলেন, প্রত্যেক ওয়ার্ডে উন্নয়নকাজের বরাদ্দ দেওয়া হয়েছে, মেম্বার আওয়ামী লীগ হলেও জনগণের স্বার্থে বরাদ্দগুলোর উন্নয়ন তাদের মাধ্যমেই হয়েছে। সুতরাং তাদের অভিযোগগুলো ভিত্তিহীন ও অবান্তর।

হারুন চেয়ারম্যান দাবি করেন, যারা অভিযোগ করেছেন তারা প্রত্যেকেই জুলাইবিরোধী আন্দোলনে লড়েছে। ২০১৮ সালের জাতীয় নির্বাচন ও ২০২১ সালে ইউপি নির্বাচনে এসব মেম্বারের ভূমিকা ছিল বড়ই আপত্তিকর, তারা হত্যাসহ বিভিন্ন মামলার আসামি। সেই হিসেবে তাদের জেলে থাকার কথা, কিন্তু তারা জেলে না থেকে বাইরে থাকার সুযোগ পাওয়ায় তিনি (চেয়ারম্যান) এবং সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে লেগেছে। তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান চেয়ারম্যান। সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুনসহ স্থানীয় কয়েকজন বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App