ডা. শফিকুর রহমান
দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকবে জামায়াত
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১০:১৭ পিএম
ছবি : সংগৃহীত
বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো ইসলামের শিক্ষা এবং মানবিক দায়িত্বের অংশ। তিনি বলেন, জনগণের সংকটময় সময়ে পাশে থাকা জামায়াতে ইসলামীর নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও সুযোগ ও সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের কল্যাণে আরও বিস্তৃতভাবে কাজ করবে দলটি।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার ৪ নম্বর ওয়ার্ডের টেক বাজার এলাকায় অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সামান্য কিছু খাদ্যসামগ্রী নিয়ে আসা হয়েছে। তবে বাস্তবে এগুলো প্রত্যেক পরিবারের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন ছিল। বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি উল্লেখ করে তিনি আল্লাহর কাছে আরও বেশি মানুষের সেবা করার তাওফিক কামনা করেন এবং এ জন্য সবার দোয়া চান। তিনি বলেন, জামায়াতে ইসলামী অতীতেও মানুষের পাশে ছিল, বর্তমানে রয়েছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে।
তিনি আরো বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। মানবসেবা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক দায়িত্ব নয়; এটি সবার সম্মিলিত দায়িত্ব।
নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও চান্দগাঁও থানা আমির মুহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদার এবং মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুছ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস. এম. লুৎফর রহমান, নগর অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, পাঁচলাইশ থানা আমির রুমি, চকবাজার থানা আমির আহমেদ খালেদুল আনোয়ার, চান্দগাঁও থানা সেক্রেটারি ও ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জসিম উদ্দিন সরকার, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রইছুর রহমান চৌধুরী তিতু, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নুরুল হোসাইন, ওমর গণি, আজাদ চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে ডা. শফিকুর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছালে দলটির কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক আহছানুল্লাহ এবং চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমির আমিরুজ্জামানসহ স্থানীয় নেতারা সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তিনি বন্যাকবলিত এলাকার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
