×

রাজনীতি

কর্নেল অলি

বর্তমান ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৬:৫৬ পিএম

বর্তমান ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

ছবি : সংগৃহীত

বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) অধীনে সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। তিনি বলেন, বর্তমান কমিশন বহাল থাকলে এলডিপি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নাও নিতে পারে।

শনিবার (১১ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে গণভোটের রায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও ‘পুশ-ইন’ বন্ধ এবং উত্তরাঞ্চলের জনদুর্ভোগ নিরসনের দাবি জানানো হয়।

কর্নেল অলি আহমদ বলেন, বর্তমান নির্বাচন কমিশনার ও কমিশনের সদস্যরা দায়িত্বে থাকলে তাদের অধীনে কোনো স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে না। এ পরিস্থিতিতে তার দল নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়টিও বিবেচনা করছে।

তিনি আরও বলেন, সংবিধানসম্মত গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে নিয়োগের জন্য একটি স্বাধীন ও নিরপেক্ষ কমিটি গঠন করা প্রয়োজন। তার মতে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন (পিএসসি), দুর্নীতি দমন কমিশন (দুদক), রাষ্ট্রদূতসহ গুরুত্বপূর্ণ সব পদে যোগ্যতা যাচাই করে ওই কমিটির সুপারিশের ভিত্তিতে নিয়োগ দেওয়া উচিত।

এলডিপি চেয়ারম্যান বলেন, এসব প্রস্তাব কোনো রাজনৈতিক দলের স্বার্থে নয়, বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ও নিরপেক্ষ করার লক্ষ্যেই দেওয়া হচ্ছে। ক্ষমতার পালাবদলের বাস্তবতা বিবেচনায় রেখে সব রাজনৈতিক শক্তিরই এ বিষয়ে দায়িত্বশীল হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জনগণের ক্ষমতা জনগণের হাতেই ফিরিয়ে দিতে দেশব্যাপী জনমত গড়ে তোলার কর্মসূচি চলছে। তাদের লক্ষ্য মন্ত্রিত্ব বা ক্ষমতা নয়; বরং মানবিক, সুশাসনভিত্তিক ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা, যেখানে চাঁদাবাজি, অন্যায় ও অবিচারের কোনো স্থান থাকবে না।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে কর্নেল অলি বলেন, প্রয়োজনীয় সংস্কার দ্রুত সংসদে বিল আকারে উপস্থাপন ও বাস্তবায়ন করা উচিত। অন্যথায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মসূচির পর প্রয়োজন হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তিনি সতর্ক করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান এবং জাগপার সহসভাপতি রাশেদ প্রধান। এছাড়া ১১ দলীয় ঐক্যের অন্যান্য শীর্ষ নেতারাও বক্তব্য দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মরক্কোর বিদায়ে অঝোরে কাঁদলেন নোরা ফাতেহি, ভিডিও ভাইরাল

মরক্কোর বিদায়ে অঝোরে কাঁদলেন নোরা ফাতেহি, ভিডিও ভাইরাল

বন্যা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৭ জরুরি নির্দেশনা

বন্যা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৭ জরুরি নির্দেশনা

১৯ দিনে শাহজালালের দানবাক্সে মিলল ৪৭ লক্ষাধিক টাকা

১৯ দিনে শাহজালালের দানবাক্সে মিলল ৪৭ লক্ষাধিক টাকা

ব্রাজিল বধের পর ইংলিশ পরীক্ষা ভাইকিংসদের

ব্রাজিল বধের পর ইংলিশ পরীক্ষা ভাইকিংসদের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App