রাষ্ট্রপতি প্রার্থীর নাম ঘোষণা করলো জামায়াত জোট
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০১:০৭ পিএম
ছবি : সংগৃহীত
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম চূড়ান্ত করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠক শেষে এ তথ্য জানান বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, জাগপা সহসভাপতি রাশেদ প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদসহ জোটের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
জোটের প্রার্থী হিসেবে অলি আহমদের নাম চূড়ান্ত হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পর বিরোধী দল থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়ার এটি দ্বিতীয় নজির হতে যাচ্ছে।
১৯৯১ সালে আওয়ামী লীগ বিরোধী দলে থাকা অবস্থায় রাষ্ট্রপতি পদে বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে প্রার্থী করেছিল। ওই নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাসের কাছে ৮০ ভোটে পরাজিত হন। এরপর অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনগুলোতে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসছেন।
আরও পড়ুন : রাষ্ট্রপতি নির্বাচনে দুই মনোনয়নপত্র নিলো বিএনপি
এবার জামায়াত নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে অলি আহমদের প্রার্থিতা ঘোষণা হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বিএনপি ২১১টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে ৬৮টি আসন।
জামায়াতের নেতৃত্বাধীন জোটের শরিকদের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি এবং খেলাফত মজলিস একটি আসন পেয়েছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা সাতটি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে জয় পেয়েছে। বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক বিজেপি, গণসংহতি আন্দোলন ও গণঅধিকার পরিষদ একটি করে আসন পেয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোটে প্রার্থী নির্বাচিত হওয়ায় সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা নির্বাচনের সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মধ্যেই বিরোধী জোটের প্রার্থী হিসেবে অলি আহমদের নাম ঘোষণায় এবারের রাষ্ট্রপতি নির্বাচন রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ব পেয়েছে।
