দেশে ফিরলেন মির্জা আব্বাস
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পিএম
ছবি : সংগৃহীত
চিকিৎসার জন্য দেশের বাইরে থাকার প্রায় সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তার দেশে ফেরাকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে বিমানবন্দর এলাকায় বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আনাগোনা বাড়তে থাকে। রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মির্জা আব্বাসকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় জড়ো হন। এ সময় অনেকের হাতে দলীয় পতাকা ও ব্যানার দেখা গেছে।
নেতাকর্মীরা জানান, দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা মির্জা আব্বাসের দেশে ফেরার খবর পেয়ে তারা স্বতঃস্ফূর্তভাবে বিমানবন্দরে এসেছেন। তাকে অভ্যর্থনা জানানোর পাশাপাশি দলের ঐক্য ও সাংগঠনিক সক্ষমতার বার্তা দিতেই তাদের এই উপস্থিতি বলে জানান তারা।
পরিবারের সদস্য ও বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা যায়, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মির্জা আব্বাসকে বহনকারী ফ্লাইটটি কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। তার সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাসও দেশে ফিরেছেন।
যেভাবে বিদেশে চিকিৎসা নিতে হয়
এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হওয়ায় ওই রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
পরে ১৫ মার্চ তার শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসা নেওয়ার পর আরও চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়।
দীর্ঘ চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শ ও পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তিনি দেশে ফিরেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্যের পাশাপাশি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।
