ডিসেম্বরের মধ্যেই সরকারের পতন : কর্নেল অলি
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পিএম
ছবি : সংগৃহীত
ছয় দফা দাবি বাস্তবায়ন না হলে সরকার পতনের এক দফা আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন ১১-দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। তাদের অভিযোগ, দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকটের পাশাপাশি কর্মসংস্থানের অভাব এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দুর্ভোগে রয়েছেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়েও সরকারের সমালোচনা করেন তারা।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লায় ১১-দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে আয়োজিত পথসভায় নেতারা এসব কথা বলেন।
পথসভায় এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেন, সরকারকে জনগণের দাবি মেনে নিতে হবে। অন্যথায় আন্দোলনের মাধ্যমে সরকার পতনের কর্মসূচি দেওয়া হবে।
তিনি বলেন, ‘দেশ আজ জাহান্নামে পরিণত হয়েছে। ডিসেম্বরের মধ্যে এ সরকারের পতন হবে।’
এ সময় তিনি ‘বিদ্যুৎ দে, গ্যাস দে, নইলে গদি ছেড়ে দে’ স্লোগান দেন।
পথসভায় এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জনগণের মৌলিক চাহিদা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, ‘তেল, গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে হবে। গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। জনগণের এসব মৌলিক দাবি পূরণ না হলে সরকার গদিতে থাকতে পারবে না।’
১১-দলীয় ঐক্যের আরেক নেতা এবং খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন এবং বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নিতে সামনে আরও কঠিন পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিতে হবে।
তিনি বলেন, লংমার্চের মধ্য দিয়ে চলমান আন্দোলনের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে।
এর আগে ছয় দফা দাবিতে শনিবার সকালে রাজধানী থেকে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু করে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য।
লংমার্চটি নারায়ণগঞ্জের শিমরাইলসহ বিভিন্ন স্থানে পথসভা শেষে কুমিল্লায় পৌঁছে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় সমাবেশ করে। পরে সেখান থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে কর্মসূচিটি।
চৌদ্দগ্রাম বাজারে পৌঁছালে ১১-দলীয় ঐক্যের নেতাকর্মীদের স্বাগত জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
