ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সাবেক সভাপতি ও ছাত্রনেতা মেঘমল্লার বসু ফের আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের একটি গেট এলাকা থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। এর আগে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি অস্বাভাবিক নোট প্রকাশ করলে বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ছাত্র ইউনিয়নের কয়েকজন নেতা জানান, হাসপাতালে তার পাকস্থলী পরিষ্কার করার চিকিৎসা দেওয়া হয়েছে। তবে বর্তমানে তিনি কোথায় চিকিৎসাধীন রয়েছেন, সে বিষয়ে তারা বিস্তারিত জানাতে রাজি হননি।
এর আগেও মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে। সেবারও তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
সোমবারের ফেসবুক পোস্টে মেঘমল্লার নিজের জীবন নিয়ে হতাশা, অপরাধবোধ ও মানসিকভাবে ভেঙে পড়ার কথা উল্লেখ করেন। একই সঙ্গে তিনি তার মা, বন্ধু ও সহযোদ্ধাদের কথা তুলে ধরেন এবং নিজের সাবেক প্রেমিকাকে তার মৃত্যুর জন্য দায়ী না করার অনুরোধ জানান।
পোস্টে তিনি আরও জানান, ব্যক্তিগত জীবনের নানা সংকট ও হতাশার কারণে তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তার চিকিৎসা ও পারিবারিক বিষয় নিয়েও কয়েকটি অনুরোধ করেন তিনি।
মেঘমল্লারের এমন পোস্ট প্রকাশের পর তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
তার বর্তমান শারীরিক অবস্থা এবং কোথায় চিকিৎসাধীন রয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
